June Malia on Durgapur Case: অপরাজিতা বিলের পক্ষে সওয়াল, দুর্গাপুরের ঘটনায় কেন্দ্রের দিকেই তোপ জুনের – Bengali News | June Malia Links Durgapur Assault to Weak Laws: Demands Parliamentary Passage of ‘Oparajita’ Bill From Chandrakona Rally
চন্দ্রকোনা: তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। তাই তো বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ছুড়ে দিলেন অপরাজিতা বিলের কথা। বছর পেরিয়ে যে বিল প্রায় ঢুকে গিয়েছে ‘হিমঘরে’, আইনের শাসন বজায় রাখতে সেই বিলকেই আইনে পরিণত করার পক্ষে সওয়াল করেছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই টাউন দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জুন। সেখান থেকে তাঁর মুখে শোনা গেল দুর্গাপুর ইস্যুর কথা। সাংসদ বললেন, ‘যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা অবশ্যই শাস্তি পাবে। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলাকে পোক্ত করতে কঠোর আইন প্রয়োজন। অপরাজিতা বিল তো আমরা পাশ করিয়ে দিয়েছি, তারপরেও কেন সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে?’ তাঁর সংযোজন, ‘বাংলায় বিজেপির যাঁরা সাংসদ রয়েছেন, তাঁরা কেন্দ্রে গিয়ে বলুন এই বিলটা পাশ করাতে তা হলে বুঝব আপনারা বাংলা ও বাংলার মা বোনেদের কতটা ভালবাসেন।’
প্রসঙ্গত, আরজি করের ঘটনার সময় ধর্ষণের মতো ঘটনার মামলায় দ্রুত নিষ্পত্তি ও সাজা ঘোষণাকে সুনিশ্চিত করতে বিধানসভায় অপরাজিতা বিল নামে একটি নারী সুরক্ষা বিলের প্রস্তাব দেয় রাজ্য সরকার। সমর্থন করে বিরোধীরাও। নির্দ্বিধায় রাজ্যের বিধানসভা থেকে সেই আইন পাশ হয়ে চলে যায় রাজ্যপাল। তারপর রাষ্ট্রপতি। কিন্তু সেখানে পাশ হয় না বিল। প্রশ্ন তুলে রাজভবনে সেই বিল আবার ফেরত পাঠিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুধুই জুন মালিয়া নন। দুর্গাপুরের ঘটনার পর থেকে অপরাজিতা বিল নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। ঘটনার পরদিনই নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘এই ধরণের নৃশংস ঘটনার জন্য কঠোর আইন প্রয়োজন। কিন্তু সেই দায়িত্ব থেকে মোদী সরকার হাত গুটিয়ে নিয়েছে। অপরাজিতা বিল বিধানসভা থেকে পাশ হয়ে এক বছরের বেশি সময় কেটে গেলেও, তা এখনও আইনে পরিণত হল না। এটা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত নয় তো কি?’