Bankura Hospital: প্রসবকালীন সময়ে শিশুর চরম পরিণতি, নার্স-চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! ছুটে এলে পুলিশ – Bengali News | Patient’s relatives protest at Bankura hospital, claiming child’s death was due to hospital negligence
থমথমে পরিস্থিতি হাসপাতালেImage Credit: TV 9 Bangla
খাতড়া: প্রসবকালীন শিশুর মৃত্যু জেরে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ পরিজনদের। তাঁদের সাফ কথা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হয়েছে শিশুটিকে। দোষীদের কঠোর শাস্তির দাবিও ওঠে। ক্ষোভের মুখে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের সুরুলিয়া গ্রামের গৃহবধূ বৃষ্টি দুলে। সূত্রে খবর, এদিন ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে প্রসূতিকে লেবার রুমে নিয়ে গেলেও পরে প্রসুতিকে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এরপরই প্রসূতি বিভাগের বারান্দায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। কিছু সময়ের মধ্যে সেখানেই সন্তান প্রসব হতে থাকে ওই প্রসূতির। পরিস্থিতি দেখে হাসপাতালের চিকিৎসক, নার্সদের ডাকাডাকি করতে থাকেন পরিজনরা। অভিযোগ, সেই টাকা কেউ সাড়া দেননি। কেউই এগিয়ে আসেননি।
অভিযোগ, শেষ পর্যন্ত হাসপাতালের এক নার্স জোর করে মহিলার পা চেপে ধরে শিশুটিকে বের করার চেষ্টা করেন। ওই নার্সের বিরুদ্ধে চরম দুর্ব্যবহারের অভিযোগও ওঠে। শেষ পর্যন্ত ওই প্রসূতি মৃত সন্তান প্রসব করেন। পরিবারের সদস্য়দের অভিযোগ, প্রসবকালীন সময়েই ওই শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটে যেতে হয় খাতড়া থানার পুলিশকে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন ক্যামেরার সামনে কোনও বক্তব্য রাখতে না চাইলেও অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি গোটা হাসপাতালেই।