Exam Paper: খোলা গ্যারেজে পড়ে গুচ্ছ গুচ্ছ পরীক্ষার খাতা, চক্ষু চড়কগাছ বাসিন্দাদের – Bengali News | Exam Paper found in the garage open place in Nadia
গ্যারেজে পড়ে সেমিস্টারের উত্তরপত্রImage Credit: TV9 Bangla
কল্যাণী: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা পড়ে রয়েছে যত্রতত্র। পরীক্ষার বান্ডিল বান্ডিল খাতা পড়ে রয়েছে আবাসনের উন্মুক্ত গ্যারেজে। পরীক্ষকের দায়িত্বজ্ঞানহীনতায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা।
কল্যাণী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বাংলা বিভাগের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার কয়েক বান্ডিল খাতা কল্যাণী বি ব্লকের একটি বহুতল আবাসনের পিছনে উন্মুক্ত গ্যারেজের মধ্যে পড়ে রয়েছে। আর সেই খাতা দেখার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, দুটি বিশ্ববিদ্যালয়ের এই নথি এভাবে উন্মুক্ত জায়গায় কী করে এল, কারা এগুলি ফেলে গেল?
এই খবর প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে, ওই বহুতল আবাসনে থাকা মুর্শিদাবাদের হাজি এ কে খান কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ননীগোপাল মালো এই খাতা রেখেছিলেন। এই বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অধ্যাপক বিমলেন্দু বিশ্বাস বলেন, “ওই খাতা বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার কথা। কেন তিনি দিলেন না? ২০২৩ সালের খাতা এতদিন কেন ওই অধ্যাপক তার কাছে রেখেছেন? কেনইবা এভাবে উন্মুক্ত জায়গায় ফেলে রেখেছেন, তা নিয়ে তদন্ত হবে।” তিনি আরও জানান, এই বিষয়ে জানতে ওই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠানো হবে এবং দ্রুততার সঙ্গে ওই খাতা উদ্ধার করা হবে।
সংবাদমাধ্যমের নজরে এই বিষয়টি আসতেই নড়েচড়ে বসেন অধ্যাপক ননীগোপাল মালো। তড়িঘড়ি ওই খাতা সেখান থেকে সরিয়ে নেন এবং পরবর্তীতে কল্যাণী বিশ্ববিদ্যালয় এগিয়ে জমা দেন। সেখানে তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পুরো বিষয়টি শিকার করেন। তিনি বলেন যে তাঁর অন্যায় হয়েছে, এই কাজ করা ঠিক হয়নি।