Malda: ‘এত ভাল ছেলেরও শত্রু থাকতে পারে ভাবা যায় না’, আমবাগান থেকে যুবকের দেহ উদ্ধারে হতবাক প্রতিবেশীরা - Bengali News | Body of young man recovered from mango orchard next to house, neighbors suspect murder - 24 Ghanta Bangla News
Home

Malda: ‘এত ভাল ছেলেরও শত্রু থাকতে পারে ভাবা যায় না’, আমবাগান থেকে যুবকের দেহ উদ্ধারে হতবাক প্রতিবেশীরা – Bengali News | Body of young man recovered from mango orchard next to house, neighbors suspect murder

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla

মালদহ: বাড়ির পাশের আম বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচলে। ঘটনা চাঁচল থানার সামসি কলেজ লাগোয়া মাঝি পাড়া এলাকায়। মৃতের নাম প্রেমচাঁদ মাঝি(৩৯)। পরিবারের সদস্যদের অভিযোগ, খুন করা হয়েছে প্রেমচাঁদকে। কিন্তু কেন খুন তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রেমচাঁদের। আশপাশের এলাকাতেও অনেক খোঁজাখুঁজি করেও কোনও লাভ হয়নি। অবশেষে এদিনই তাঁরই বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল দেহ। 

খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। আসেন আইসি। স্থানীয় বাসিন্দাদেরও দাবি ওই যুবককে খুন করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে বাড়ছে চাপানউতোর। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

এলাকার এক বাসিন্দা বলেন, “সকাল ৬টা নাগাদ খবরটা পাই। ছেলেটা তো খুবই ভাল। কী করে এই কাণ্ড ঘটল বুঝতে পারছি না। সকলে তো বলছেন গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। আমাদেরও সন্দেহ এটা খুনের ঘটনা। যাঁরাই এই কাজ করে থাকুক আমরা দোষীদের শাস্তি চাই। পুলিশ ভাল করে তদন্ত করুক।”

আর এক বাসিন্দা বলছেন, “বডি দেখেই মনে হল কেউ খুন করেছে। এমনি ছেলেটা খুবই ঠান্ডা মেজাজের ছিল। এলাকায় একটা লটারির দোকান ছিল। ওকে কোনওদিন কারও সঙ্গে ঝামেলায় জড়াতে দেখিনি। এরকমই একটা ছেলের যে কোনও শত্রু থাকবে সেটা ভাবাই যায় না। যদি কেউ খুন করে থাকে আমরা দোষীদের উপযুক্ত শাস্তি হোক।”    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *