Digha Highway: দিঘা যাওয়ার রাস্তায় হঠাৎ বিরাট গর্ত, থমকে যান চলাচল – Bengali News | Huge pothole i n the national highway towards Digha, road blocked
দিঘা: জাতীয় সড়কে ভেঙে পড়ল কার্লভাট। অবরুদ্ধ দিঘা-কলকাতা জাতীয় সড়ক। ১১৬বি জাতীয়ই সড়ক অবরুদ্ধ। বন্ধ হয়ে গেল যান চলাচল। শুক্রবারই রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে যান চলাচল ব্যহত হয়। শনিবার সকাল থেকে যান চলাচল প্রায় বন্ধ।
শুক্রবার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে ওই কার্লভাট। ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। শনিবার দুপুর ২টো নাগাদ পুরোপুরি ভেঙে পড়ে ওই কার্লভাট। রাস্তার দু’পাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি। ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ। শনিবার আটকে পড়ে বহু পর্যটকের গাড়ি। পুলিশ আধিকারিকদের দাবি, শনিবার সন্ধ্যার আগেই যান চলাচল স্বাভাবিক হবে।
কাঁথির পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, ফাটল দেখা দিয়েছে শুক্রবারই। তবে একটা সাইডে যান চলাচল জারি রাখা হয়েছিল। এর ফলে ট্রাফিকে সমস্য়া দেখা দেয় শুক্রবার থেকেই। রাস্তার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। তবে শনিবার সেই রাস্তাতেই কার্লভাট সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এরপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজও জানিয়েছেন, রাস্তা তৈরির কাজ আগেই শুরু করা হয়েছিল। দ্রুত কাজ শেষ করে যান চলাচল ফের শুরু করা হবে বলে জানানো হয়েছে।
দিঘার ওই রাস্তা দিয়ে পর্যটকদের বহু গাড়ি যাতায়াত করে প্রতিনিয়ত। বর্তমানে অনেক সংস্থায় পুজোর ছুটি চলছে। তাই শনিবার ও রবিবার পর্যটকদের ভিড় অনেক বেশি থাকবে বলেই আশা করা হচ্ছে। তাই রাস্তার এই অবস্থা হওয়ায় দুর্ভোগের মুখে পড়তে চলেছেন বহু মানুষ।