সারেগামাপা সেটে এ কী কাণ্ড? পর্দায় পিছনের ভিডিয়ো ভাইরাল – Bengali News | Bengali singing reality show sa re ga ma pa back stage video goes viral
বেশ কিছুদিন হয়ে গেল শুরু হয়েছে সারেগামাপা রিয়্যালিটি শো। বাংলার বুকে দাঁড়িয়ে এক বড় সঙ্গীতের প্রতিযোগিতা। যার হাত ধরে ইন্ডাস্ট্রি পেয়েছে অনেক গায়ক গায়িকাকে। যাঁরা সফলভাবে ইন্ডাস্ট্রিতে বর্তমানে কাজ করছেন। প্রতিবছর এই রিয়্যালিটি শোয়ের কিছু না কিছু বিশেষত্ব থাকে। এবারও তার ব্যতিক্রম হয়। বয়সের কোনও ঘেরাটোপে এই প্রতিযোগিতাকে আটকে রাখা হয়নি। বরং বিভিন্ন পর্যায় অনুষ্ঠানকে ভাগ করে নেওয়া হয়েছে। রয়েছেন একাধিক বিচারক। মোট চার দল।
বিচারকদের আসনে এবার জায়গা করে নিয়েছেন, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, অন্তরা মৈত্র এবং শান্তনু মৈত্র। শো পরিচালক অভিজিৎ সেন আগেই জানিয়েছিলেন, এই বছরের ‘সারেগামাপা”র মঞ্চ হতে চলেছে আরও কঠিন, জমজমাট এবং একই সঙ্গে মজার, গত বছরের মত বয়সের নির্দিষ্ট কোন সীমা নেই তবে এই বছর নেই কোন মেন্টর। ৮ জন বিচারককে চার দলে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রত্যেক দলে থাকছেন দু’জন করে বিচারক।
শনি ও রবিবার রাতে এই শো নিয়ে ড্রইং রুম থাকে জমজমাট। তবে সবটাই তো ক্যামেরার সামেন। আর ক্যামেরার পিছনে? এবার সেই ভিডিয়ো এল সামনে। যেখানে দেখা গেল, না, কেবল টানটান উত্তেজনা নয়, বরং একে অন্যের সঙ্গে হইচই করে সময় কাটাচ্ছেন। কেউ পাঁপড় খাচ্ছেন, কেউ আবার গান গাইছেন, মজা করছেন। সে যেন এক আনন্দ আয়োজন। সদ্য জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় প্রকাশ্যে এল সেই ভিডিয়ো। যেখানে গায়ক রাঘব চট্টোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘খুব সুন্দরভাবে শুরু হয়েছে এবারের অনুষ্ঠান। আমরা লব গুণী মানুষরা আছি, জুনিয়াররাও আছে, সিনিয়াররাও আছে। বিভিন্ন বিভাগ থেকে রয়েছে। সবাই দেখছেন, আমি জানি, সকলের খুব পছন্দ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সাড়াও পাচ্ছি।’ আবার অন্তরা মৈত্র বললেন, ‘সকলের এখানে এসে আমরা এত আনন্দ পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, যে মনে হচ্ছে একটা সঙ্গীতের উৎসবের মধ্যে রয়েছি। সঙ্গীতের সেরা মঞ্চ জি বাংলার সারেগামাপা। সকলে দেখবেন। আমরা যে উপলব্ধি নিয়ে এখানে কাজ করছি, সেই ছবিটাই পর্দায় আপনারা দেখতে পাবেন।’ সব মিলিয়ে জমজমাট শো। এখন দেখার, কঠিন এই লড়াইয়ে শেষ পর্যন্ত সকল বিচারকের মনে জায়গা ধরে রাখতে পারে কে?