নির্ধারিত সময়ে ট্রেন আসে না, আমতা শাখায় অবরোধ যাত্রীদের, ৩ ঘণ্টা পর উঠল - 24 Ghanta Bangla News
Home

নির্ধারিত সময়ে ট্রেন আসে না, আমতা শাখায় অবরোধ যাত্রীদের, ৩ ঘণ্টা পর উঠল

Spread the love

দক্ষিণ-পূর্ব রেলের আমতা শাখায় ট্রেনের নির্ধারিত সময়মতো না আসা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল। এর প্রতিবাদে শনিবার সকালেই বড়গাছিয়া স্টেশনের রেললাইনে বসে পড়েন ক্ষুব্ধ যাত্রীরা যার ফলে ওই শাখায় ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। তাঁদের দাবি, অবিলম্বে ট্রেন সময়মতো চালাতে হবে।

আরও পড়ুন: ট্রেন চলাচলে বাধা দিলেই কড়া শাস্তি, অবরোধ নিয়ে ১৯৮৯ সালের আইন মনে করাল রেল

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ট্রেন সময়মতো পৌঁছায় না বলে যাত্রীরা ক্ষুব্ধ। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে হাওড়াগামী লোকাল ট্রেনটি নির্ধারিত সময়ে আসেনি। বারবার রেলকর্তৃপক্ষকে অভিযোগ জানালেও কোনও পরিবর্তন হয়নি। শেষপর্যন্ত যাত্রীরা রেললাইনে নামেন এবং বড়গাছিয়া স্টেশন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, প্রায় দু’ঘণ্টা দেরিতে ট্রেন আসায় অনেক যাত্রী সময়মতো কর্মস্থলে পৌঁছাতে ব্যর্থ হন।

যদিও দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ এই অভিযোগকে পুরোপুরি মেনে নিচ্ছেন না। তিনি জানান, ব্লকের কারণে একটি সমস্যা হয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের বোঝানোর চেষ্টা করেছেন।অবরোধ সামাল দিতে ঘটনাস্থলে রেল পুলিশ, জগৎবল্লভপুর থানার পুলিশ এবং র‍্যাফ মোতায়েন করা হয়। অবরোধ তোলার সময় পুলিশ ও যাত্রীদের মধ্যে কথোপকথনেও উত্তেজনা দেখা যায়। সকাল ১১টার দিকে অবশেষে বড়গাছিয়া স্টেশনে রেললাইন অবরোধ উঠে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এভাবে ট্রেনের দেরিতে পৌঁছানো আর বিক্ষোভের কারণে আমতা শাখার যাত্রীরা এদিন চরম দুর্ভোগে পড়েন। তবে যাত্রীদের দাবি, সময়মতো ট্রেন চললে সমস্যা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *