Trump Nobel Dream End: ঘুম থেকে উঠে ‘স্বপ্নভঙ্গ’ ট্রাম্পের, নোবেল বন্টনেও জুড়ে দিলেন রাজনীতি – Bengali News | White House Accuses Nobel Committee of Prioritizing Politics Over Peace
ওয়াশিংটন: স্বপ্ন ভেঙেছে, মনও ভেঙেছে। তাই যেন কেটেছে মুখের লাগাম। নোবেল প্রাইজ কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হোয়াইট হাউস। অবশ্য একাংশ বলছেন, ওই বার্তা ট্রাম্পেরই। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ শান্তি পুরস্কার ঘোষণা করেছে নোবেল প্রাইজ কমিটি। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সবে আলো ফুটেছে। বাজে প্রায় ভোর ৫টা। ট্রাম্পের কাছে এই দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তিনি হয়তো আশা করেছিলেন, ঘুম থেকে উঠতেই টিভির পর্দায় দেখবেন তাঁর নাম। সাতটা যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিনিই।
ট্রাম্পের সেই আশা পূর্ণ হয়েছে। নোবেল কমিটি এই বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার পরেই দেশ-বিদেশের সংবাদমাধ্যমে শুধুই প্রচার হয়েছে ট্রাম্পের কথা। তবে বিজয়ী হিসাবে নয়, পরাজিত হিসাবে। গাজ়ায় শান্তি ফিরিয়েও, তিনি পেলেন না শান্তি পুরস্কার। চলতি বছর নোবেল কমিটির চোখে ‘শান্তির প্রতীক’ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তিনি ওই দেশের আয়রন লেডি। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর বিরাট ভূমিকা।
তবে নোবেল কমিটির এই বিজয়ী নির্বাচনকে সহজভাবে দেখছে হোয়াইট হাউস। বরং এই বিজয়ী নির্বাচনের নেপথ্যে রাজনীতি কাজ করছে বলেই মত তাঁদের। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউয়াং নিজের এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ থামানোর কাজ সর্বদাই চালিয়ে যাবেন। তাঁর মধ্যে মানবিকতা রয়েছে। তাঁর মতো মানুষ পাওয়া বেজায় কঠিন, যিনি শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে আস্ত পাহাড় সরিয়ে দেন।’ এরপরেই নোবেল কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে ওই মুখপাত্র লেখেন, ‘নোবেল কমিটি আবারও প্রমাণ করে দিয়েছে যে ওরা শান্তির উর্ধ্বে রাজনীতিকেই প্রাধান্য দিয়ে থাকে।’
President Trump will continue making peace deals, ending wars, and saving lives.
He has the heart of a humanitarian, and there will never be anyone like him who can move mountains with the sheer force of his will.
The Nobel Committee proved they place politics over peace. https://t.co/dwCEWjE0GE
— Steven Cheung (@StevenCheung47) October 10, 2025
গত কয়েক মাস ধরেই সাত যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, বৃহস্পতিবার অর্থাৎ গতকালই তাঁর উদ্যোগেই গাজ়ায় শান্তি ফিরেছে। স্বাক্ষর হয়েছে গাজ়া শান্তি চুক্তি। কিন্তু তারপরে শান্তির মেডেল জুটল না তাঁর। যদিও নোবেল শান্তি পুরস্কারজয়ীকে যে পাঁচ সদস্য়ের কমিটি বেছে নিয়েছেন, তারই প্রধান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিডনেস নরওয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শান্তি পুরস্কারের জন্য কারওর নাম আগামী বছরেরও বিবেচিত হতে পারে।’ অর্থাৎ, ট্রাম্পের আশা ভঙ্গ হওয়ার সম্ভবনা নেই বললেই চলে।