Para Teacher Nabanna Abhijaan: ‘সংসারটা আর চলছে না, মাননীয়া কিছু ব্যবস্থা করুন…’, নবান্নের পথে নেমে আর্জি শিক্ষকের – Bengali News | Bengal Para Teachers March Towards Nabanna Halted by Police
পথে পার্শ্ব শিক্ষকরাImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: পরপর রাখা ব্যারিকেড। ধর্মতলায় চরম উত্তেজনা। নবান্নকে ‘ঢালের’ মতো ঘিরে রেখেছে কলকাতা পুলিশ। লক্ষ্য়ে পৌঁছনোর আগেই রুখে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। কিন্তু কীভাবে দানা বাঁধল উত্তেজনার? কারাই বা আন্দোলনে নামল?
নবান্ন অভিযানের ডাক দিয়ে বৃহস্পতিবার পথে নামেন রাজ্যের সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলের পার্শ্ব শিক্ষকরা। শিয়ালদহ থেকে শুরু হয় অভিযান। কিন্তু নবান্নে পৌঁছনোর আগেই ধর্মতলায় প্রতিবাদীদের রুখে দেয় কলকাতা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একেবারে কলকাতা পুরসভা সংলগ্ন এলিট সিনেমার রাস্তার সামনেই ব্যারিকেড ‘বেঁধে’ আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। তারপর চড়ে উত্তেজনা। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন প্রতিবাদী শিক্ষকরা। কেউ আবার চেষ্টা করে ব্যারিকেড টপকানোর। সব মিলিয়ে তৈরি হয় অচলাবস্থা। কিন্তু পুলিশি ‘ঢালে’ ছেদ করতে পারেন না প্রতিবাদীরা।
কী কারণে এই অভিযান?
এদিন ‘সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের’ উদ্যোগে এক গুচ্ছ দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় ১২টি পার্শ্ব শিক্ষক সংগঠন। শূ্ন্য পদে নিয়োগ থেকে বেতন বৃদ্ধি নানা ইস্যুতে সরব হয় তাঁরা। প্রতিবাদীদের দাবি, ২০১৮ সালে শেষবার বেতন বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে আর সেই নিয়ে কোনও রকম উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। পাশাপাশি, শূন্যপদ পূরণ ও ইপিএফ চালু করার দাবিতেও পথে নামে তাঁরা।
এক প্রতিবাদী পার্শ্ব শিক্ষক বলেন, ‘চলতি বছরের অগস্ট মাসেই বিকাশ ভবন থেকে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে। ওরা হাত তুলে দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে, তাদের আর কোনও করণীয় নেই। এবার বেতন বৃদ্ধি নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রীই নেবেন। তাই আমরা নবান্ন যাচ্ছি। ১২টি সংগঠন আন্দোলনে নেমেছে। আমাদের এই মঞ্চের ৯১ হাজার পার্শ্ব শিক্ষকের সংসারটা আর চলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী সংসারটা চালানোর জন্য কিছু ব্যবস্থা করুন। না হলে আন্দোলনের গতি আরও বাড়ানো হবে।’