সিলিকন ভ্যালিকে টক্কর দেওয়ার পর এবার UPI হার্ডওয়্যারেও নজর Zoho-র! – Bengali News | After taking on Google, Microsoft, WhatsApp And Meta, Zoho is now eyeing UPI hardware to Hit PayTm, PohonePe
সফটওয়্যার ছেড়ে এবার কি হার্ডওয়্যারের দিকে ঝুঁকতে শুরু করল জোহো? অন্তত বর্তমান ঘটনার ঘনঘটা দেখে সেটাই মনে করছে বিশেষজ্ঞরা। ভারতের ছোট, বড় ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সংস্থা নিয়ে এল নিজস্ব ‘পয়েন্ট-অফ-সেল’ বা POS পেমেন্ট ডিভাইস।
আগেই জোহোকে পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসাবে অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ তৃতীয় পক্ষ হিসাবে কোনও ব্যক্তির থেকে ইউপিআই, কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিয়ে তা ব্যবসায়ীদের দেয়। র্যাজোর পে, পেটিএম, ফোনপে এই পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসাবে লাইসেন্স পেয়েছে। আর এবার সেই পথেই এক ধাপ এগিয়ে গেল জোহো। তারা চালু করল ফিজিক্যাল পেমেন্ট ডিভাইস। তাদের লক্ষ্য একটাই, ব্যবসা করার প্রয়োজনীয় সব ব্যবস্থাকে এক ছাতার নীচে নিয়ে আসা।
কী কী থাকছে নতুন ডিভাইসে?
জোহো মূলত তিন ধরনের পেমেন্ট ডিভাইস নিয়ে এসেছে
অল-ইন-ওয়ান POS: এটি মোবাইল ফোনের মতো দেখতে একটি যন্ত্র। এই যন্ত্রে বিল করা ও পেমেন্ট গ্রহণ, একই সঙ্গে করা যায়।
স্মার্ট POS: এতে পেমেন্টের পরিমাণ অনুযায়ী কিউআর কোড বদলে যেতে থাকে। যিনি ইউপিআই করতে চাইছেন, তাঁকে আলাদা করে অয়ামাউন্ট লিখতে হয় না। এর সঙ্গে থাকছে সাউন্ড বক্সও।
স্ট্যাটিক কিউআর কোড: ছোট দোকানের জন্য রয়েছে কিউআর কোড যুক্ত সাউন্ড বক্স সিস্টেম। পেটিএম, ভারত পে বা ফোন পে যে ধরনের ডিভাইস দিয়ে থাকে ছোট দোকানগুলোতে।
ব্যবসার জন্য কতটা সুবিধা বাড়ল?
বিশেষজ্ঞরা বলছেন, জোহোর এই পদক্ষেপ ভারতের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এ ছাড়াও এই মার্কেটে বাড়বে কম্পিটিশনও। আর এর ফলে লাভবান হবেন দেশের ছোট দোকানদাররাই।
স্মার্ট পিওএস যন্ত্রের মাধ্যমে বিল সহজেই তৈরি করতে পারবে সাধারণ ছোট দোকানগুলো। এ ছাড়াও সহজে গ্রহণ করতে পারবে ইউপিআই পেমেন্টও। প্রতিটি ডিভাইসেই রয়েছে PCI DSS সার্টিফিকেট। এ ছাড়াও জোহোর এই ক্ষেত্রের প্রতিটা পণ্যই রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে চলে। এ ছাড়া ডিভাইসগুলোয় রয়েছে ৪জি, ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেক্টিভিটিও। একাধিক সফটওয়্যারের পর এবার পেমেন্ট ডিভাইসের মার্কেটে জোহোর প্রবেশের পর ভারতের ফিনটেক বাজারে প্রতিযোগিতা আরও বাড়াব মনে করছেন বিশেষজ্ঞরাই।