Arambag: ‘বারবার বলছিলেন চা খেতে, রাত ১২টাতেও চা খাওয়ায়’, সেই চা খেতে…হাসপাতাল চত্বরই বড় বিপদে ব্যক্তি – Bengali News | One person money snatching from him in Arambag
আরামবাগ: ভিতরে ভর্তি রয়েছেন রোগী। আর বাইরে পরিবারের সদ্যরা। কিন্তু রোগীকে হাসপাতালে দেখতে এসে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হবে ভাবেনওনি। সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর থেকেই সব খুইয়ে কপালে হাত। সব শেষ রোগীর পরিবারের লোকজনের। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন আশিপুর দালালের স্ত্রী রাজিয়া বিবি। তাঁকে সাপে ছোবল মেরেছিল, সেই কারণে দশদিন ধরে এই হাসপাতালে ভর্তি তিনি। তাঁকেই দেখতে এসেছিলেন আশিপুর ও তাঁর শ্বশুর। এরপর মঙ্গলবার রাতে এক ব্যক্তি আশুপুরের সঙ্গে আলাপ-পরিচয় করেছিলেন। তাঁর দাবি, বেশ কিছুক্ষণ গল্প করার পর ওই ব্যক্তি নিজেই চা নিয়ে আসেন। তারপর চা খাওয়ান।
রাজিয়ার স্বামীর দাবি, এই ঘটনার পরই তাঁরা ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে দুষ্কৃতী টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। তিনি আরও জানান, বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে রোগীরা ভর্তি হন। কিন্তু মেডিকেল কলেজ চত্বরে তাঁদের পরিবারের লোকজনদের কোনও সুরক্ষার ব্যবস্থা নেই। তার ফলেই অবাধে এই ধরনের কুকর্ম করে রোগীর আত্মীয়-স্বজনদের নিঃস্ব করে দিয়ে পালাচ্ছেন। তাদের হদিশও পাওয়া যাচ্ছে না। মঙ্গলবারের রাতের এই ঘটনা ফের হাসপাতালের নিরাপত্তার প্রশ্ন তুলে দিল।
পরিবারের আশিপুর দালাল বলেন, “আমরা তো হাসপাতালে এসেছিলাম। সেখানে এসে দেখি এক ব্যক্তি আমাদের সঙ্গে কথা বলছে। উনি আবার বললেন ত্রিপল একসঙ্গে টাঙাই তাহলে বিছানা হয়ে যাবে। এরপর চা দিল। বলল টেনশনের মধ্যে আছ চা খাও। তারপর রাত বারোটার সময় চা খেলাম। বলছি খাব না। তাও খাওয়াল। এরপর বলছে ঘুমিয়ে পড়তে রাত হয়ে গেছে। শোয়ার পর এত ঘুম এল কী বলব। এরপর ঘুম থেকে উঠে দেখি আমার পকেট খালি।”