বেলগাছিয়া ভাগাড় মামলায় হাজিরা দিতে হবে রাজ্যের শীর্ষ কর্তাদের, নির্দেশ পরিবেশ আদালতের - 24 Ghanta Bangla News
Home

বেলগাছিয়া ভাগাড় মামলায় হাজিরা দিতে হবে রাজ্যের শীর্ষ কর্তাদের, নির্দেশ পরিবেশ আদালতের

Spread the love

হাওড়ার বেলগাছিয়া ভাগাড় মামলায় কড়া নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরবর্তী শুনানিতে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সশরীরে অথবা ভিডিয়ো কলে হলেও উপস্থিত থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন: নিকাশি ব্যবস্থার ক্ষতি বেলগাছিয়ায় নিয়ন্ত্রিতভাবে জল সরবরাহ করবে পুরসভা

আদালতের পর্যবেক্ষণ, বহু শুনানির পরও রাজ্য ও স্থানীয় প্রশাসনের তরফে বর্জ্য অপসারণ, কঠিন বর্জ্য ও নিকাশি ব্যবস্থাপনা সংক্রান্ত কোনও কার্যকর কর্ম-পরিকল্পনা জমা পড়েনি। তাই, মামলার যথাযথ ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির জন্য রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি অপরিহার্য বলে মনে করছে আদালত। এই নির্দেশ অনুযায়ী, রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের সচিব, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব, হাওড়ার জেলাশাসক, হাওড়া পুরসভার কমিশনার এবং কেএমডিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে হাজিরা দিতে হবে।

আদালত আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিস্তারিত অ্যাকশন প্ল্যান জমা দিতে হবে। তাতে প্রতিটি প্রকল্পের লক্ষ্য, বাজেট বরাদ্দ এবং সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশগত ক্ষতিপূরণ আরোপের পদক্ষেপও নিতে হবে। হাওড়া পুর কমিশনারের বিরুদ্ধে আগের নেতিবাচক মন্তব্য আদালত প্রত্যাহার করলেও ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় চাওয়া আবেদন সরাসরি খারিজ করা হয়েছে। আদালতের মন্তব্য, প্রশাসনিক পদে থাকলে জবাবদিহি এড়ানো যাবে না। মামলার আবেদনকারী সুভাষ দত্ত জানিয়েছেন, ৮ ডিসেম্বরের শুনানিতে এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে জাতীয় পরিবেশ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *