Vegetable Price: সবজির দাম চড়চড় করে বাড়বে! আশঙ্কার প্রহর গুনছে কৃষকরা – Bengali News | Heavy Rain in Bankura, may damage lots of vegetables in the field
বাঁকুড়া: একদিকে অসময়ের লাগাতার বৃষ্টি, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে উত্তরোত্তর জল ছাড়ার পরিমান বেড়ে যাওয়ায় আতঙ্কের প্রহর গুনছেন দামোদর পাড়ের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। লক্ষ্মী পুজোর আগে ফের সবজির দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে চলেছে বৃষ্টি। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই জোড়া ফলায় পুজো পেরোতে না পেরোতেই ফের জমির ফসল নিয়ে আশঙ্কার প্রহর গুনছেন দামোদর তীরবর্তী সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। লক্ষ্মীপুজোর মুখে এমন বিপর্যয়ের আশঙ্কায় ফের দাম চড়তে শুরু করেছে সবজিরও।
দশমীর বিকেল থেকেই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। গত ৪৮ ঘন্টায় জেলায় মোট বৃষ্টি হয়েছে ৮৬.৯ মিলিমিটার। এর ফলে জেলার অন্যতম সবজি উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতি মানা, কেনেটি মানা, রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় দামোদর নদের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই জল ছাড়ার পরিমাণ যত বাড়ছে ততই সোনামুখী ব্লকের ওই এলাকাগুলিতে ক্রমশ চেপে বসছে বন্যার আশঙ্কা। একদিকে জমিতে জমা জলে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আর অন্যদিকে বন্যার জলে সব খোয়ানোর আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে দামোদর তীরবর্তী ওই বিস্তীর্ণ এলাকার কৃষকদের। সামনেই লক্ষ্মীপুজো। তার আগে ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সবজির দর।
উল্লেখ্য, হু হু করে বাড়ছে ঘাটালের সমস্ত নদীগুলির জলও। ঘাটাল, চন্দ্রকোনা দাসপুরের এলাকায় বন্যার আশঙ্কা করছেন প্রশাসন। ইতিমধ্যে ঘাটাল ব্লকের মোহনপুর সহ বেশ কিছু এলাকায় বন্যার জল ঢুকতে শুরু করেছে।