RG Kar: ‘কারা চাকরি করেন এই সংস্থায়? ঘরে বসে রিপোর্ট বানায়?’, NCRB কলকাতাকে সুরক্ষিত শহর বলতেই ক্ষোভে ফুঁসে উঠলেন তিলোত্তমার মা-বাবা – Bengali News | RG Kar victims father and mother got angry on NCRB Report that says Kolkata Ranks as Safest City in India
কী বললেন তিলোত্তমার মা বাবা?Image Credit: Tv9 Bangla
উত্তর ২৪ পরগনা: দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর কলকাতা (Kolkata)। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সেই শিরোপা দিয়েছে মহানগরীকে। তাদের দাবি, দেশের অন্যান্য শহরগুলির তুলনায় কলকাতায় অপরাধের হার অনেকটাই কম। তবে NCRB-র এই রিপোর্টের সঙ্গে সহমত নন তিলোত্তমার মা-বাবা। তাঁদের দাবি, ঘরে বসেই রিপোর্ট তৈরি হয়েছে, কাউকে খুশি করতেই কলকাতাকে সুরক্ষিত দেখানো হচ্ছে।
তিলোত্তমার মা বলেন, “আমার মেয়েটা কি সুরক্ষিত ছিল? আমরা কি এগোতে পেরেছি? আমরা কি পেলাম। যাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটে তারা কিছুই পায় না। হয়ত সাজা ঘোষণা হয়ে যায়। সব কিছুতেই কোর্টের কাছে যেতে হয়। কত লোকের চাকরি চলে গেল। আসলে চুরিতে এক নম্বর। নবমীর রাতেও কুলতলীতে ঘটনা ঘটেছে। এখানে ছেলে-মেয়ে কারও সুরক্ষা নেই। এই রিপোর্ট কারা তৈরি করেছে? ওরা ঘরে বসে শুনে শুনে রিপোর্ট তৈরি করে। মাঠে-ময়দানে এসে রিপোর্ট বানায় না।”
তিলোত্তমার বাবা বলেন, “এই সংস্থায় কারা কাজ করে? ওরা কি রিপোর্ট ঘরে বানায়? এই জন্যই এই রিপোর্ট হয়। কলকাতায় যেখানে কর্মস্থলে অসুরক্ষিত মেয়েরা, স্কুলে গিয়ে অসুরক্ষিত মেয়েরা। এর মানে ভারতের অন্য জায়গায় আরও খারাপ দশা। যাঁরা এখানে চাকরি করেন তাঁরা শিক্ষিত। কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন এই রিপোর্ট দিয়ে। নয়ত এমন রিপোর্ট আসতে পারে না। এক বছর ধরে কলকাতা শহরে যে ঘটনা ঘটছে সেখানে অর্ধেকের কাছে তো অভিযোগই জমা পড়ে না। অভিযোগ করতে গেলে যা ঝামেলা তৈরি হয়, তা তো আমরা এখন টের পাচ্ছি। এর সীমা নেই।”
গত বছর (২০২৪) ৮ অগস্ট আরজি করে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাজা পায় এক সিভিক ভলান্টিয়ার। তবে নির্যাতিতার মা-বাবার দাবি, এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে। এ দিকে, নির্যাতিতার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা শহর কলকাতা। নারী নিরাপত্তা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। এরই মধ্যে NCRB-র এই রিপোর্ট নিয়ে মন্তব্য করলেন তিলোত্তমার মা-বাবা।