বাংলাদেশে পুশব্যাক, অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশে পুশব্যাক, অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Spread the love

বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও সন্তান-সহ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তকে অবৈধ বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, সোনালি ও তাঁর পরিবারকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে হবে। আদালত কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ স্থগিত রাখার আর্জি জানানো হলেও বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?

প্রসঙ্গত, সোনালি বিবি বীরভূম জেলার পাইকরের বাসিন্দা। গত কয়েক বছর ধরে দিল্লির রোহিণীতে স্বামী দানিশ শেখ ও আট বছরের পুত্রকে নিয়ে বসবাস করছিলেন তিনি। কাগজকুড়োনি ও পরিচারিকার কাজ করে সংসার চালাতেন সোনালি। পরিবারের দাবি, গত ১৮ জুন হঠাৎই দিল্লি পুলিশের কে এন কাটজু মার্গ থানার পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে। পরে সোনালি-সহ পাঁচজনকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানকার পুলিশ তাঁদের গ্রেফতারও করে। এই ঘটনায় সোনালির বাবা কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন। আইনজীবীর পক্ষ থেকে আদালতে সোনালিদের ভারতীয় পরিচয়ের প্রমাণ হিসেবে জমির নথি, তাঁর বাবা ও ঠাকুরদার ভোটার কার্ড এবং সোনালির সন্তানের জন্মশংসাপত্র পেশ করা হয়। সব মিলিয়ে আদালত রায় দেয়, তাঁদের বাংলাদেশে পাঠানো বেআইনি পদক্ষেপ।

দিল্লি পুলিশের যুক্তি ছিল, সোনালিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের মতে, মামলার শুনানি হওয়া উচিত দিল্লিতেই, কারণ মামলার মূল পক্ষ দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস দিল্লিতেই অবস্থিত। তবে কলকাতা হাই কোর্ট তা মানেনি।

সোনালি বর্তমানে ন’মাসের অন্তঃসত্ত্বা। ফলে তাঁর পরিবার আরও উদ্বিগ্ন ছিল যদি সন্তানের জন্ম বাংলাদেশে হয়, তবে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হবে। হাই কোর্টের নির্দেশের পর পরিবার এখন কিছুটা স্বস্তি পেয়েছে। সোনালির বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, কলকাতা হাই কোর্টকে ধন্যবাদ। মেয়ে বীরভূমের, বাংলাদেশি নয়। দিল্লি পুলিশ ভুল করেছে।

পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাঁরা সোনালিদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, হাই কোর্ট সুবিচার করেছে। দেশে ফেরার পর তাঁদের যা যা প্রয়োজন হবে, সবরকম সহায়তা করা হবে। আদালতের এই রায়ের ফলে আপাতত নিশ্চিত হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তাঁর পরিবারকে শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *