C V Ananda Bose: শ্রীরামপুরে গিয়ে ৮০ বছর পুরনো পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল - Bengali News | Governor C V Ananda Bose Inaugurates Durga Puja Celebrations in Serampore - 24 Ghanta Bangla News
Home

C V Ananda Bose: শ্রীরামপুরে গিয়ে ৮০ বছর পুরনো পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল – Bengali News | Governor C V Ananda Bose Inaugurates Durga Puja Celebrations in Serampore

পুজো উদ্বোধনে রাজ্যপালImage Credit: নিজস্ব চিত্র

হুগলি: আশি বছরের পুরনো পুজো উদ্বোধন হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে। শনিবার রাজভবন থেকে সরাসরি শ্রীরামপুরের বেনিয়াপাড়ায় চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে দশক পুরনো বারোয়ারি পুজো উদ্বোধন করেন নিজের হাতেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ৬টা নাগাদ শ্রীরামপুরেরর ওই বারোয়ারি পুজো মণ্ডপে উদ্য়োক্তাদের আমন্ত্রণে পৌঁছন রাজ্যপাল। তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। এরপর সফরসূচি মোতাবেক ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করতে দেখা যায় তাঁকে। রাজ্যপালের আগমন উপলক্ষে তাঁর হাতে একটি নটরাজের মূর্তি সম্বর্ধনা হিসাবে তুলে দেন পুজো উদ্যোক্তারা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘দুর্গোৎসবের এই শুভ সময়ে আমি মানুষের মঙ্গল কামনা করি। আশা করি, সবাই ভাল থাকবেন।’ পুজো উদ্বোধনের পর শনির সন্ধ্য়ায় কিছুটা সময় সেখানে কাটিয়ে অবশেষে তিনি রওনা দেন রাজভবনের দিকে।

রাজ্যপালের উপস্থিতিকে ঘিরে খুশিতে গদগদ হয়েছেন শ্রীরামপুরের বিজেপি নেতা তথা ওই লোকসভা কেন্দ্রেরই বর্তমান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু। ওই সময় পুজো মণ্ডপেই উপস্থিত ছিলেন তিনিও। এদিন ওই বিজেপি নেতা বলেন, ‘পুজো কমিটির আমন্ত্রণে উনি এসেছিলেন। প্রথমেই তো এই আমন্ত্রণ গ্রহণের জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। সকলের জীবন যাতে মঙ্গলময় হয়, সেই বার্তাই দিলেন তিনি। সিভি আনন্দ বোস প্রথম এলেন। এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এই শ্রীরামপুরে এসেছিলেন। আর শ্রীরামপুর মানেই তো নতুন চমক। এবার রাজ্যপাল এল, আগামী দিনেও আরও নতুন চমক দেখা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *