Bangladesh News: ইউনূসের ‘হাত বাঁধল’ IMF, ঝুঁকির কথা তুলে বুঝিয়ে দিল ‘সীমা’ – Bengali News | IMF Imposes Cap on Bangladesh’s Foreign Loan Borrowing
ঢাকা: বাংলাদেশের ‘হাত বেঁধে’ দিল আন্তর্জাতিক অর্থভান্ডার (International Monetory Fund)। বিদেশ থেকে কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, সেই নিয়ে এই প্রথম ঢাকাকে সীমা বেঁধে দিল আইএমএফ। এর আগে কখনও বাংলাদেশের উপর এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি কোনও আন্তর্জাতিক সংগঠনকে। সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান বন্ধের ঘোষণার পর এই প্রথম নতুন কোনও বিধিনিষেধ জারি হল ঢাকার উপর। আইএমএফ-র যুক্তি, বাড়ন্ত ঋণ বা বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নিয়েছে তাঁরা।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-র প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ভারতীয় মুদ্রায় ৭৪ হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিতে পারবে ঢাকা। যার মধ্য়ে প্রথম ত্রৈমাসিকে তারা নিতে পারবে ১৬ হাজার কোটি টাকা এবং প্রথম অর্ধে সর্বোচ্চ নিতে পারবে ২৯ হাজার কোটি টাকা। আর প্রতি ত্রৈমাসিকে বাংলাদেশ বিদেশ থেকে কত টাকা ঋণ নিচ্ছে সেই দিকেও নজরদারি চালাবে আইএমএফ।
সেই প্রতিবেদন তরফে আরও জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। সেই ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি মূল্যায়নের সময় এই নতুন শর্তটি আরোপ করে দিয়েছে তাঁরা। বেঁধে দিয়েছে এই বছরের ঋণ নেওয়ার সর্বোচ্চ মাপকাঠিও। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪১ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। কিন্তু তখনও কোনও সীমা বেঁধে দিতে দেখা যায় তাঁদের। তা হলে এই বছর হল কী?
বাংলদেশের অর্থমন্ত্রকের এক আধিকারিক দ্য ডেইলি স্টার-কে জানিয়েছেন, সম্প্রতি ঋণ ব্যবস্থাপনা ও বিশ্লেষণ সংক্রান্ত একটি উদ্যোগ শুরু করেছে আইএমএফ। সেই সূত্র ধরেই তাঁরা বাংলাদেশকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ কাঠামোর আওতায় ফেলেছে।