Malda: কর্নাটকে বাংলার শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ, কারণ নিয়ে ধোঁয়াশা – Bengali News | Malda: Bengali worker allegedly beaten to death in Karnataka, cause unclear
পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগImage Credit: TV9 Bangla
মালদহ: ভিনরাজ্যে পিটিয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিককে। কর্ণাটকে পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদহের দিলালপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম খাইরুল জামাল (৫৪)। তিনি কর্নাটকের মহিশুর জেলায় কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে কাজের খোঁজে মহিশুরে যান খাইরুল। অভিযোগ, বুধবার রাতে একদল দুষ্কৃতী তাঁকে পিটিয়ে হত্যা করে। পরদিন সেই মর্মান্তিক খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খাইরুলের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও, ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ মৃত শ্রমিকের বাড়িতে পৌঁছে যান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদার ও সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তাঁরা শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বারবার এমন হামলার শিকার হচ্ছেন।
এর আগে সন্দেশখালির, মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দারা ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। বাংলা ভাষায় কথা বলার জন্য সন্দেশখালির বাসিন্দাদের ওপর অস্ত্রের কোপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ভিন রাজ্যে এইভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনায়, প্রতিবাদে সংসদেও ঝড় তুলেছে তৃণমূল। সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার এই মালদহের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ ঠিক কোন কারণে খাইরুলকে পিটিয়ে মারা হল?