শুরু হচ্ছে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা, একগুচ্ছ নির্দেশ খাদ্য দফতরের - 24 Ghanta Bangla News
Home

শুরু হচ্ছে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা, একগুচ্ছ নির্দেশ খাদ্য দফতরের

Spread the love

আগামী নভেম্বর মাস থেকে রাজ্যজুড়ে ২০২৫-২৬ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু করতে চলেছে সরকার। কৃষকদের আরও বড় সংখ্যায় এই প্রক্রিয়ায় যুক্ত করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং ধান কেনার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থাকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।

আরও পড়ুন: সহায়ক মূল্যে ধান কেনা শুরু, কুইন্টাল প্রতি কত বাদ যাবে? সিদ্ধান্ত নেবে দফতর

খাদ্য দফতরের উদ্যোগে সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং দফতরের শীর্ষ কর্তারা। জেলা শাসক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনায় নতুন মরশুমে ধান সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হয়।

গত ২০২৪-২৫ খরিফ মরশুমে রাজ্যে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ হয়েছিল ৫৬ লক্ষ ৩৩ হাজার টন। এর মধ্যে উৎপাদিত চালের ৯২ শতাংশ সরকারি গুদামে মজুত করা গিয়েছিল। নতুন মরশুমে আরও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, ৬৭ লক্ষ টন ধান সংগ্রহ।

২০২৩-২৪ খরিফ মরশুমে যেখানে প্রায় ১২ লক্ষ ৯৯ হাজার কৃষক নথিভুক্ত হয়েছিলেন, সেখানে ২০২৪-২৫ মরশুমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ লক্ষ ৪৫ হাজার। এবার এই সংখ্যাকে আরও বাড়াতে মাঠপর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষকবন্ধু প্রকল্পে ইতিমধ্যেই নথিভুক্ত কৃষকের সংখ্যা ১ কোটিরও বেশি। তাঁদের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় যুক্ত করতে জোর দেওয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বলা হয়েছে কৃষকদের সরাসরি ফোনে যোগাযোগ করে ধান বিক্রিতে উৎসাহিত করতে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকবন্ধু প্রকল্পের বাইরে থাকা চাষিদের কাছ থেকেও ধান কেনা হবে। তবে তাদের জমির পরিমাণ এবং ফলনের হিসেব কৃষি দফতরের স্থানীয় কর্তাদের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কৃষকের নামে যেন অন্য কেউ ধান বিক্রি করতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে। বৈঠকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, গত মরশুমে জেলা প্রশাসন, সরকারি সংস্থা এবং খাদ্য দফতরের সক্রিয়তার জন্যই সাফল্য এসেছে। এবারও একইভাবে সমন্বয় বজায় রেখে কাজ করলে নতুন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *