Price Drop: এসি, টিভি থেকে ডিশওয়াশার, নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিসে ঠিক কত টাকা লাভ করবেন? – Bengali News | AC, TV to Dishwasher How much money will you save on regular electronics home appliances
২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গেল নতুন জিএসটি। ফলে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গৃহস্থালী সামগ্রী এবার পাওয়া যাবে কম দামে। এখন আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে সেসব জিনিস। সরকার সম্প্রতি বহু নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর পণ্য এবং পরিষেবা (GST) কমিয়েছে, যা ভোক্তাদের উল্লেখযোগ্য সঞ্চয় এনে দেবে বলে আশা করা হচ্ছে।
ইলেকট্রনিকস ও গৃহস্থালী সামগ্রীর দাম কমল
বিভিন্ন ঘরোয়া ইলেকট্রনিক সামগ্রী—যেমন এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও রেফ্রিজারেটর—এখন থেকে ১৮% জিএসটি-র আওতায় পড়বে, যা আগে ছিল ২৮%। এই পরিবর্তনের ফলে ভোক্তারা ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করবেন। ইতিমধ্যেই কিছু কোম্পানি নতুন দামের ঘোষণা করেছে। টেক বিশেষজ্ঞরা বলছেন এসি ও টিভির দাম সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কমতে পারে।
পাশাপাশি, মোবাইল এক্সেসরিজ (যেমন চার্জার)-এর উপরও জিএসটি কমানো হয়েছে, যা এগুলিকে আরও সস্তা করবে। মিক্সার-গ্রাইন্ডার, মাইক্রোওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, এয়ার কুলার ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রীর দামও কমে যাবে।
কতটা সাশ্রয় করবেন?
এয়ার কন্ডিশনার: ধরুন আগে কোনও ১ টন এসি-র দাম ছিল মোটামুটি ৩০,০০০ টাকা। এর উপর ২৮% জিএসটি হিসেবে দিতে হত ৮,৪০০ টাকা। নতুন ১৮% হারে কর দাঁড়াচ্ছে তা ৫,৪০০ টাকা, অর্থাৎ সাশ্রয় হচ্ছে ৩,০০০ টাকা।
টেলিভিশন: ৩২ ইঞ্চির বেশি LCD ও LED টিভির উপর জিএসটি ২৮% থেকে কমে হয়েছে ১৮%। ২০,০০০ টাকার টিভির উপর আগে কর ছিল ৫,৬০০ টাকা। এখন তা =৩,৬০০ টাকা। অর্থাৎ সাশ্রয় হচ্ছে ২,০০০ টাকা।
ডিশওয়াশার: ১০,০০০ টাকার ডিশওয়াশারের উপর আগে ২৮% জিএসটি ছিল ২,৮০০ টাকা। নতুন হারে তা ১,৮০০ টাকা। অর্থাৎ সাশ্রয় হচ্ছে ১,০০০ টাকা।
এছাড়াও, মনিটর ও প্রোজেক্টর-এর উপর জিএসটি ২৮% থেকে কমে ১৮% করা হয়েছে, যা একইভাবে ভোক্তাদের সাশ্রয় এনে দেবে।