Elon Musk, xAI: একদিকে ছাঁটাই, অন্যদিকে নতুন নিয়োগ! সংস্থার কর্মীদের কপালে চিন্তার ভাঁজ – Bengali News | Elon Musk, xAI: Layoffs on one side, new hires on the other! Worries on the foreheads of the company’s employees
আবারও ইলন মাস্কের কোপের মুখে তাঁর সংস্থার কর্মীরা। কর্মীদের মেল করে তাঁদের কর্মদক্ষতা প্রমাণ করতে বলেছেন ইলন। এবার তাঁর টার্গেট xAI-এর কর্মীরা। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি এক-পাতার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যেখানে বিগত চার সপ্তাহে তাঁরা কী করতে পেরেছে ও আগামী এক মাসে কী করতে চলেছে, তা বিস্তারিত ভাবে লেখা থাকবে। মাস্কের এই আকস্মিক নির্দেশ তার অন্যান্য সংস্থা যেমন, এক্স, টেসলা বা স্পেসএক্সের পরিচিত কর্মসংস্কৃতিরই প্রতিফলন।
কর্মদক্ষতার পরীক্ষা
মাস্কের এই ধরনের পদক্ষেপ নতুন নয়। তিনি এর আগে X-এর কর্মীদের কাছ থেকেও মাসিক ও বার্ষিক কাজের সারসংক্ষেপ চেয়েছিলেন। এই রিপোর্টগুলির উপর ভিত্তি করেই নির্ধারিত হয় কর্মীদের স্টক ও ইনসেন্টিভ। আর xAI-এ এই কর্মদক্ষতা প্রমাণ করার ইমেল এসেছে এমন এক সময়ে, যখন সংস্থার আভ্যন্তরীণ অস্থিরতা চরমে।
ছাঁটাইয়ের আবহেই নতুন নিয়োগ
সম্প্রতি xAI তাদের গ্রক (Grok) এআই চ্যাটবট প্রশিক্ষণের দায়িত্বে থাকা ডেটা অ্যানোটেশন দল থেকে ৫০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছে। আর এই ছাঁটাইয়ের খবর প্রকাশিত হওয়ার পর পরই মাস্কের এই করমদক্ষতা প্রমাণ করার ইমেল এসেছে সংস্থার অন্য সব কর্মীদের কাছে। তবে একই সঙ্গে ওই সংস্থায় চলছে নতুন নিয়োগও। সংস্থাটি এখন STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), ফাইনান্স এবং মেডিসিনের মতো বিশেষ ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন ‘এআই টিউটর’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষক খুঁজছে। এই নতুন কর্মীদের বেতনও হতে চলেছে তুলনামূলকভাবে বেশি। প্রতি ঘণ্টায় তাঁদের বেতন হতে পারে ৪৫ থেকে ১০০ ডলার পর্যন্ত। অর্থাৎ, দিনে ৮ ঘণ্টা ও সপ্তাহে ৬ দিন কাজ করলে, এক মাসে ২৫টা কাজের দিন রয়েছে ধরলে কোনও এক কর্মী ভারতীয় মুদ্রায় মাসে ৭ লক্ষ ৯২ হাজার টাকা থেকে ১৭ লক্ষ ৬১ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
ভবিষ্যৎ কোন পথে?
মাস্ক মনে করেন ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’। অর্থাৎ, ছোট কিন্তু দক্ষ দল তৈরি করাই তাঁর লক্ষ্য। আর বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ সেই কৌশলেরই অংশ। ছাঁটাই ও একই সঙ্গে উচ্চ বেতনে নতুন নিয়োগের এই কৌশল বিতর্কের জন্ম দিলেও, এটি স্পষ্ট করে যে মাস্ক দ্রুত পরিবর্তন আর দুর্দান্ত পারফরম্যান্সেই বিশ্বাসী। xAI-এর ভবিষ্যৎ গতিপথ এবং প্রযুক্তি জগতে তার প্রভাব এই বিতর্কিত মডেলের উপরই আপাতত নির্ভরশীল।