Pashkura Hospital: ধর্ষণ-কাণ্ডের জেরে, পুজোর আগে বেতন নিয়ে বিপাকে স্বাস্থ্যকর্মীরা – Bengali News | Health workers of Pashkura Hospital are worried after health department sized the company
পাঁশকুড়া: পাঁশকুড়া ধর্ষণ-কাণ্ডের জেরে বিপাকে স্বাস্থ্যকর্মীরা। যে সংস্থার হাতে এই হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব আছে, সেই সংস্থার হাতে সেই সংস্থাকে সিজ করায়, পুজোর মুখে অনিশ্চয়তা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।
এই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রিলায়েবল কোম্পানির ফেসিলিটি ম্যানেজারের পদে কর্মরত ছিলেন অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই হাসপাতালেরই এক অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মী। পাশাপাশি ম্যানেজারের বিরুদ্ধে সরব হয় মহিলা থেকে শুরু করে একাধিক পুরুষ স্বাস্থ্যকর্মীও। এই ঘটনায় অভিযুক্তকে কোলাঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হয়। আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ঘটনার পরই পাঁশকুড়া হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ওই এজেন্সি অর্থাৎ রিলায়েবল কোম্পানিকে সিজ করে স্বাস্থ্য দফতর। সেই কারণেই বিপাকে পড়েছেন ওই সংস্থার কর্মীরা। পূজার মুখে বেতন বা বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখছেন তাঁরা। কর্মীরা বলেন, ‘আমরা অনেক আশা করেছিলাম যে পুজোর আগে বোনাস পেলে সন্তানদের জন্য জামাকাপড় কিনে নিয়ে যাব। এবার চিন্তায় পড়ে গেলাম।’
হাসপাতালে সুপার আশ্বাস দিয়েছেন, বেতন পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ কথা জানিয়েছেন তিনি। তবুও অনিশ্চয়তা রয়েই যাচ্ছে কর্মীদের মনে। হাসপাতালের এক কর্মী বলেন, “২০ বা ২১ সেপ্টেম্বর বোনাস দেওয়ার কথা ছিল। সেটা আটকে গিয়েছে।”