Madan Mitra: অন্তিম পর্বে ফের ‘রবিন হুড’ মেজাজে ‘মদনদা’, দমদমে দিলেন ‘ORS দাওয়াই’, বললেন, ‘তৃণমূল কর্মীরা জানেন কোথায় কী মিস্কচার দিতে হবে’ – Bengali News | Madan mitra’s controversical comment on Central force
দমদম: এতদিন তাঁকে খুব একটা নির্বাচনী প্রচারের ‘পর্দা’য় দেখা যায়নি। কোথাও যেন ‘নিস্পৃহ’ ছিল একসময়ের তাঁর ‘রবিন হুড’ মেজাজ। শারীরিক অসুস্থতায় অনেকটাই কাবু তিনি। কিন্তু দেশের সবচেয়ে বড় ‘মহারণে’র একেবারে অন্তিম পর্বে ফের স্বমহিমায় ‘মদনদা’। সপ্তম দফায় ‘ORS’ দাওয়াইয়ের নিদান দিলেন মদন মিত্র। ভোটের আগে তাঁর বলা এক-একটা কথা নিয়ে রাজনৈতিক ঝড় উঠত। সেই মদন গত কয়েক বছরে একেবারে ‘নিস্পৃহ’ হয়ে উঠেছিলেন বাংলার রাজনীতির আঙ্গিকে। গত সপ্তাহে পানিহাটিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাঁকে। আর তারপর বৃহস্পতিবার রাতে। সপ্তম দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে বিঁধে যা বললেন, তাতে আবার তিনি সংবাদ শিরোনামে। মদন মিত্রের গলায় শোনা গেল ORS দাওয়াইয়ের কথা।
মদন মিত্র বললেন, “কেন্দ্রীয় বাহিনী, তারাও তো মানুষ। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমি তাঁকে ORS দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেইন গান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ORS দাও, তাই হয় নাকি! লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।”
সপ্তম দফার নির্বাচনে দমদমে ‘ORS’ দাওয়াই লাগবেই, স্পষ্ট বলে দিলেন মদন। মদন বললেন, “দমদম মানে দাওয়াই। আমি যদি বলি, দমদম ধোলাই হবে, তাহলে সেটা অসাংবিধানিক হবে। আমি দাওয়াইয়ের কথা বলছি।” সঙ্গে তিনি আরও বলেন, “তৃণমূল কর্মীরা জানে, কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। ভোটের দিন ওআরএস থাকবে।” প্রচ্ছন্নে যা বার্তা দিলেন মদন, তাতে দমদমের ভোটে কী প্রভাব ফেলবে, রাজনীতির কারবারিদের কাছে তা অত্যন্তই স্পষ্ট।