AI Minister: দুর্নীতি হঠাতে AI-কেই মন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত! - Bengali News | Diella, Albania's first AI minister, addresses parliament - 24 Ghanta Bangla News
Home

AI Minister: দুর্নীতি হঠাতে AI-কেই মন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত! – Bengali News | Diella, Albania’s first AI minister, addresses parliament

Spread the love

চোখ বন্ধ করলে AI। চোখ খুললে AI! চোখ বন্ধ করলে দুর্নীতি, চোখ খুললে দুর্নীতি! না না, বিতর্ক নয়। তবে AI যদি যেচে জড়ায় বিতর্কে? মাথা গলায় পলিটিক্সে? যদি বাঙালির এই রাজনৈতিক আড্ডায় হাতে চা নিয়ে বসে পড়ে AI বলে ওঠে―দাদা দেশটার আর কিস্যু হবে না! এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের রমরমা যেভাবে বেড়েছে সারা বিশ্বে, তারই জয়যাত্রায় আর একটা অধ্যায় যুক্ত হল। ইতিপূর্বে সংবাদ পরিবেশননার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে AI মানবী। এইবার ক্ষেত্রটা শুধু আলাদা, মানুষকে একপাশে দাঁড় করিয়ে মন্ত্রিত্ব দখল করে নিল এক এআই-মানবী।

দেশটার নাম আলবেনিয়া। সারা বিশ্বে এই প্রথম AI-কে বসাল মন্ত্রিত্বের গদিতে। এই এআই-মন্ত্রীর নাম ডায়েলা। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং জনসাধারণের জন্য বরাদ্দ সরকারি ব্যয়ে স্বচ্ছতা রক্ষা করার দায়িত্বে নিযুক্ত ডায়েলা। সম্প্রতি আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা মন্ত্রী হিসাবে নাম ঘোষণা করেছেন ডায়েলার। আর এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। AI-কে এখনই এতটা দায়িত্ব দেওয়া ঠিক হবে? বাড়ির চাবি AI-এর তুলে হাতে তুলে দেওয়ার আগে আর একটু ঝালিয়ে দেখা কি উচিত নয়? উঠছে এমন বহু প্রশ্ন!

যেহেতু এই প্রথম রক্তমাংসের কোনও ব্যক্তির বদলে এআই-মানবীকে মন্ত্রী বলে ঘোষণা করেছে আলবেনিয়া, তাই প্রশ্ন উঠবেই। প্রধানমন্ত্রী রামা সাফ জানিয়েছেন যে সরকারি প্রকল্পে যখন বেসরকারি সংস্থা কাজ যুক্ত হবে, সেক্ষেত্রে কর্পোরেট দরপত্র থেকে কাজকর্ম―সবকিছুর উপর নজরদারি চালাবে এআই-মন্ত্রী। তবে মন্ত্রী হলে তো হতে অনেক ক্ষমতা আসে। মানুষের থেকে শিখে মানুষের উপরেই ক্ষমতার অপব্যবহার করবে না তো AI?

কেন এআই-মন্ত্রী? আসলে আলবেনিয়ান শব্দ ডায়েলা-র অর্থ সূর্য। আর ওই নামের এআই-মানবীকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডায়েলা এখন মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেও আলবেনিয়া সরকারের হয়ে কাজ করছে এ বছরের জানুয়ারি থেকে। সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবেই কাজ করত এতদিন, তেমন একটা প্রমোশন মেলেনি। বিদেশে তো পাড়ায় সমাধান নেই, তাই নাগরিক পরিষেবা প্রদানে সহায়তা করত AI ডায়েলা। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, এই এআই-মানবীর কাজে একেবারে মুগ্ধ আলবেনিয়ার প্রধানমন্ত্রী, প্রশংসা ঝরে পড়ছে তাঁর কণ্ঠে। বেশ আত্মবিশ্বাসী হয়েই তিনি জানিয়েছেন যে, ‘’ডায়েলা চোখ রাখলে সব দরপত্র ১০০% স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত হবে। দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা বা অর্থ লেনদেন―দুর্নীতি ঢুকতে পারবে না কোথাও!’

এখানে বলে রাখা ভাল―সরকারি খাতে পরপর দুর্নীতি, দেশ জুড়ে চোরাচালান, কোটি কোটি টাকার মাদক কারবার―এমন নানা অভিযোগে বহু দিন ধরেই তিতিবিরক্ত আলবেনিয়া। রামার আমলে সরকারি দুর্নীতি আকাশ ভেদ করেছে, এমনই অভিযোগ করেন বিরোধীরা। এমতাবস্থায়, AI-কে আসরে নামিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন। রামার দেশ তো পারল, ভারতেও কি গদিতে বসবেন কোনও AI-মন্ত্রী? এমন না-মানুষ মন্ত্রী হলে কি দুর্নীতি-মুক্তি ঘটবে? নাকি মানুষের থেকে শিক্ষা পাওয়া AI-ও শিখে নেবে দুর্নীতির ছলাকলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *