Jadavpur University: ‘মৌনতা’ ভাঙল যাদবপুর! অনামিকা-কাণ্ডের সাত দিনের মাথায় এই প্রথম ‘আজাদির’ ডাক পড়ুয়াদের – Bengali News | JU Students Call for Protest Rally Seven Days After Student’s Death
এই প্রথম মিছিলImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: ছিল না কোনও মিছিল, ছিল না কোনও আন্দোলনের ডাক। ড্রামা ক্লাবের অনুষ্ঠানের রাতে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় যেন ‘মৌনতা’ নিয়েছিল বিশ্ববিদ্যালয়। যে চার নং গেট কথায় কথায় কেঁপে উঠেছে আন্দোলনের ডাকে। গর্জন তুলেছে রাজনৈতিক স্লোগানের। সেই চার নং গেট লাগোয়া ঝিলে পড়ুয়ার মৃত্যু কি ভাবাল না যাদবপুরের পড়ুয়াদের? এমনই প্রশ্ন তুলেছিলেন একাংশ।
বৃহস্পতিবার সেই প্রশ্নগুলির উত্তর দিতেই যেন মিছিলের ডাক দেয় প়ড়ুয়ারা। সন্ধ্যায় ব্যানার হাতে নামে প্রতিবাদ মিছিলে। তাতে নেই কোনও সংগঠনের ছাপ। সাদা কাপড়ে শুধু লেখা ‘নিরাপত্তার দাবি’। অনামিকার মৃত্যুর সাত দিনের মাথায় এই প্রথম মিছিল পড়ুয়াদের। যেখানে শোনা গেল, আজাদির স্লোগান, শোনা গেল নিরাপত্তা প্রদানের স্লোগান। শোনা গেল সিসিটিভির বিরোধিতাও।
এদিন এক পড়ুয়া বলেন, ‘এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। কারণ, এই ঘটনার জন্য কর্তৃপক্ষই একমাত্র দায়ী। এখানে নিরাপত্তা নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিক মতো গার্ড নেই। রাজ্য আমাদের বিশ্ববিদ্যালয় শীর্ষে। আর সেই রকম একটা বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য পর্যন্ত নেই। সব থেকে বড় কথা, বিশ্ববিদ্য়ালয়ের মধ্যে রাত হলেই বেশির ভাগ মেয়েদের বাথরুম বন্ধ করে দেওয়া হয়।’
মিছিলের মাঝেই উঠে আসে সিসিটিভি প্রসঙ্গও। ক্যামেরায় আপত্তি নেই, আপত্তি রয়েছে তা কীভাবে বসানো হচ্ছে। এক পড়ুয়ার দাবি, ‘সিসিটিভি বসানোর আগে অল স্টেক হোল্ডার মিটিং প্রয়োজন। আর সর্বোপরি সিসিটিভি আমাদের নিরাপত্তার জন্য বসানো হোক। আমাদের উপর নজরদারি চালানোর জন্য নয়।’ অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় এই প্রথম মিছিল যাদবপুরের পড়ুয়াদের। যা যাওয়ার কথা ছিল গোলপার্ক পর্যন্ত। কিন্তু ক্যাম্পাসের বাইরে পা রাখার আগেই যেন ছন্দ হারাল মিছিলটি। সেখানেই টানল ইতি।