TMC: পঞ্চায়েতে খরচের হিসাব চেয়েছিলেন, বৈঠকেই সদস্যকে মারধরে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান – Bengali News | TMC Panchayat pradhan allegedly beats panchayat member in Swarupnagar
অভিযুক্ত প্রধান (বাঁদিকে), আক্রান্ত পঞ্চায়েত সদস্য (ডানদিকে)Image Credit: TV9 Bangla
স্বরূপনগর: পঞ্চায়েতের টাকা কোথায় কোথায় খরচ হয়েছে? বৈঠকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন। পঞ্চায়েতে খরচের হিসাব চাওয়ায় দলেরই পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি।
চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই কাঠমানি নেওয়ার অভিযোগ উঠছিল। পাশাপাশি গত ৩ বছর প্রধান টুম্পা সর্দার পঞ্চায়েতের আয়-ব্যয়ের হিসাব দেননি বলে অভিযোগ। মঙ্গলবার পঞ্চায়েতে বৈঠক চলাকালীন ১৫৬ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় বিগত ৩ বছরের আয় ও ব্যয়ের হিসাব চান। পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করেন। এই নিয়ে প্রধানের সঙ্গে তর্কবিতর্ক বাধে। অভিযোগ, দীর্ঘক্ষণ তর্ক-বিতর্ক চলার পর হঠাৎই পিঙ্কি রায় হোড়ের উপর চড়াও হন প্রধান। পঞ্চায়েত সদস্যকে মারধর করেন। হুমকিও দেন বলে অভিযোগ।
এরপর পিঙ্কি রায় হোড় প্রথমে চিকিৎসা করান। এবং সেই মেডিক্যাল রিপোর্ট নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় বলেন, “পঞ্চায়েতের অ্যাকাউন্ট খালি। কোথায় কত খরচ হয়েছে, তার হিসাব দেওয়া হয় না। সেই হিসাব চাওয়াতেই আমাকে প্রধান দিদি মেরেছেন। আমি যতবার বলেছি, হিসাব দিন। উনি বলছেন, আমি হিসাব দেব না। যা করার করে নাও। যেখানে যাওয়ার যাও। আমি এর বিচার চাই। কত টাকা কোথায় হেরফের করেছেন, আমি বুঝতে পারছি না। পঞ্চায়েতে দুর্নীতি চলছে। আমি দলকে সব জানিয়েছি। দল আমার পাশে রয়েছে।” যদিও এই বিষয়ে প্রধান টুম্পা সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি।
ঘটনাটি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, “তৃণমূল পঞ্চায়েত জিতেছিল মারামারি ও ভোট লুট করে। পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রচুর টাকা খরচ হয়েছে। সেই সব টাকা তুলতে হবে। প্রধান ভাবছেন, তাঁকে টাকা তুলতে হবে। আর সদস্য ভাবছেন, তাঁকে ভাগ না দিয়ে প্রধান টাকা নিয়ে নিচ্ছেন। সেই নিয়ে মারামারি।”