Bankura News: ‘ঝাড়ফুঁক করেছে হয়ত…’, TMC থেকে ফের BJP-তে ফিরতেই দলবদলু নেতাকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করল BJP – Bengali News | One person join in Bjp from tmc at bankura in west bengal
বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানী ও সোনামুখী ব্লকের মানিকবাজারের পর ফের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের দলবদলু এক পঞ্চায়েত সদস্য ফিরে গেল গেরুয়া শিবিরে। তারাপদ পাল নামের ওই পঞ্চায়েত সদস্যর শরীরে গঙ্গাজল ছিটিয়ে ফের নিজেদের ঘরে তুলে নিল বিজেপি। এর ফলে চলতি মাসে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যে তিন জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সেই তিন জনই ফিরে গেলেন বিজেপিতে।
- চলতি মাসের গোড়া থেকেই বিজেপি ছেড়ে একের পর এক মোট তিন জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু তাঁদের কাউকেই কার্যত নিজের ঘরে ধরে রাখতে পারল না ঘাসফুল শিবির। গত ১১ সেপ্টেম্বর তৃণমূলে যোগদানের মাত্র কয়েক ঘণ্টা পরেই ফের বিজেপিতে ফিরে যান চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্ল।
- এরপর গত ৭ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্যা শ্যামলী লোহারও গত ১৫ সেপ্টেম্বর ফের বিজেপিতে যোগ দেন।
এবার সেই দলে নাম লেখালেন চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের অপর এক দলবদলু নির্বাচিত সদস্য তারাপদ পাল। গত ১১ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়া তারাপদ পাল গতকাল ওন্দার বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে ফের বিজেপিতে যোগ দেন। গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁকে শুদ্ধ করে ফের নিজের ঘরে ফেরায় গেরুয়া শিবির।
তবে, ওই পঞ্চায়েত সদস্যর দাবি তাঁকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। দলবদলু পঞ্চায়েত সদস্য তারাপদ পালের দাবি, “চাকরির প্রলোভন দেখিয়েছিল। তাই ভুল করে চলে গিয়েছিলাম। এখন ভুল বুঝে ফেরত এসেছি।”
বিজেপি বিধায়কের দাবি ভুল বুঝিয়ে ও ছেলেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সদস্যকে তৃণমূলে নিয়ে গিয়ে সপ্তাহ খানেক আটকে রাখা হয়েছিল। সেই সময় তাঁকে ঝাড়ফুঁক করে থাকতে পারে তৃণমূল। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, “ওরা প্রকৃতপক্ষে বিজেপি করে। বিভিন্ন লোভ দেখিয়ে ওদের নিয়ে যায়। নিরীহ মানুষ ওরা।” এরপর তাঁর সংযোজন, “এখন তো ঝাড়ফুঁকের যুগ, তাই ব্রাহ্মণের ছেলে হয়ে একেবারে গঙ্গাজল ছিটিয়ে ঘরে ফেরালাম।” তৃণমূলের পাল্টা দাবি দলবদলু ওই পঞ্চায়েত সদস্যকে প্রবল চাপ দিয়ে বিজেপিতে ফের যোগদানে বাধ্য করা হয়েছে।