Spiritual: ঠাকুরকে নৈবেদ্য কীভাবে ফল দেন, গোটা না কাটা, ঠিক কোনটা? প্রেমানন্দ মহারাজ বললেন… – Bengali News | Premananda Maharaj ji told is it Right or Wrong to offer cut fruits to The God
ঠাকুরকে নৈবেদ্য কীভাবে ফল দেন, গোটা না কাটা, ঠিক কোনটা? প্রেমানন্দ মহারাজ বললেন…
নিত্যপুজো থেকে শুরু করে বড় কোনও পুজো, ঠাকুরকে নৈবেদ্যের থালা. নানা ফল এবং মিষ্টি দিয়ে থাকেন কমবেশি সকলে। এ ছাড়া এই ধরুন দক্ষিণেশ্বরে কিংবা কালীঘাটে বা ধরুন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন কোনও ভক্ত, ঠাকুরের দর্শন পাওয়ার আগে যে কেউ কিনে ফেলেন একখানা ডালা। তাতে থাকে ফুল, ফল, মিষ্টি, ধূপ এ সব। এ তো গেল নৈবেদ্য কী দেওয়া হয়, তার পালা। এ বার প্রশ্ন হল ঠাকুরকে কীভাবে ফল দিতে হয়? গোটা না কাটা? জেনে নিন বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এই প্রসঙ্গে কী বলেছেন।
আসলে কথিত আছে, ঈশ্বরের উদ্দেশ্য নৈবেদ্য অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন। মাঝে মাঝে দেখা যায়, ঠাকুরকে কাটা ফল নৈবেদ্যতে দেওয়া হয়। এটা কি ঠিক? বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, এই বিষয়ে। তিনি একইসঙ্গে ঠাকুরকে কাটা ফল নিবেদন করলে কী হয়, এটি ঠিক না ভুল, তাও জানিয়েছেন।
প্রেমানন্দ মহারাজের কথায়, বেশ কিছু ফল যেমন – আম, আপেল, তরমুজে বীজ থাকে। আর সাধারণ মানুষ এগুলি খাওয়ার সময় প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেয়। তারপর কাটে। সেইসময় বীজ ফেলে দেয়। ঠাকুরের ক্ষেত্রেও তেমন করা উচিত। প্রেমানন্দ মহারাজের মতে, ঠাকুরকে কোনও ফল নৈবেদ্যর থালায় দেওয়ার আগে সেটি খুব ভাল করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর সেখান থেকে বীজ ফেলতে হবে, এবং ফল কেটে দিতে হবে ঠাকুরকে।
কেউ কেউ ঠাকুরকে কাটা ফল যেমন নিবেদন করেন, তেমনই অনেকেই ঠাকুরের সামনে গোটা ফল নৈবেদ্যের থালাতে সাজিয়ে দেন। প্রেমানন্দ মহারাজের কথায়, ফল সবসময় পরিষ্কার করে কেটে ঠাকুরকে দেওয়া উচিত। এর নেপথ্যে তিনি জানিয়েছেন, মানুষ নিজে ফল খাওয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখেন, ঠাকুরকেও নৈবেদ্যতে ফল নিবেদন করলে সেই বিষয়গুলিতে বেশি নজর রাখা দরকার।
বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।