Arnab Dam: স্কলারশিপ মিলল না, মায়ের অনুরোধে অনশন তুললেন মাও নেতা অর্ণব - Bengali News | Arnab dam withdraws fasting in jail at the request of his mother - 24 Ghanta Bangla News
Home

Arnab Dam: স্কলারশিপ মিলল না, মায়ের অনুরোধে অনশন তুললেন মাও নেতা অর্ণব – Bengali News | Arnab dam withdraws fasting in jail at the request of his mother

Spread the love

কলকাতা: জেলে বসেই পিএইচডি করেছেন মাওবাদী নেতা অর্ণব দাম। কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে না তাঁকে, এই অভিযোগে অনশন শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত মায়ের অনুরোধে তুলে নিলেন অনশন। যোগ্যতা থাকা সত্ত্বেও বৃত্তি দেওয়া হচ্ছে না বলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। চিঠি লেখেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও।

মানবাধিকার সংগঠন এপিডিআরের মারফত মঙ্গলবার তাঁর মা অনশন প্রত্যাহার করতে বার্তা পাঠান অর্ণব দামের কাছে। ফোনে এপিডিআরের প্রতিনিধিদের সঙ্গে কথা হয় অর্ণবের। জানা যাচ্ছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এপিডিআরের প্রতিনিধিদের জানিয়েছেন, কে স্কলারশিপ পাবেন তা চূড়ান্ত হয়নি। সেই বার্তাও অর্ণবের কাছে এদিন পৌঁছে দেন এপিডিআর-এর সদস্যরা।

তারপরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বর্ধমান জেলের ওই বন্দি। জানা গিয়েছে, অনশনে শরীর ক্রমশ খারাপ হচ্ছিল অর্ণবের। বর্ধমান জেলের অন্দরে ভয়াবহ গরমে শারীরিক পরিস্থিতি আরও খারাপ করছিল।

এপিডিআর-এর তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের গবেষকদের জন্য দুই ধরনের স্কলারশিপ রয়েছে। একটি নন-নেট বিবেকানন্দ স্কলারশিপ। অন্য়টি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। কিন্তু অর্ণবকে কোনওটিই দেওয়া হচ্ছে না। অথচ সব পরীক্ষায় প্রথম হওয়ায় অর্ণবেরই স্কলারশিপ পাওয়ার কথা।

এর আগে পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষায় বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ে অর্ণব প্রথম হলেও, তাঁর ভর্তি নিয়ে বিশ্ববিদ্য়ালয়ের অন্দরে বেশ টালবাহানা দেখা যায়। তবে সেই সব প্রতিকূলতাকে পেরিয়েই অর্ণব গবেষণার কাজ শুরু করেছেন। তাতে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে স্কলারশিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *