Anti Naxal Operation: এবার ‘টার্গেট’ শীর্ষ মাওবাদী নেতারা! বৃষ্টি কমলেই বস্তারে শুরু কোবরাদের নতুন ‘অপারেশন’ – Bengali News | Security Forces to Establish 30 New Forward Bases in Bastar as Anti Naxal Operations Ramp Up
বস্তার: হাতে সময় প্রায় ফুরিয়ে এসেছে বললেই চলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্য়েই ভারত হবে মাওবাদী-মুক্ত। আর সেই লক্ষ্যপূরণ করতে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে নিরাপত্তারক্ষীরা।
বস্তারে আরও আঁটোসাঁটো হচ্ছে নিরাপত্তা। বাংলা, তারপর অন্ধ্র প্রদেশ হয়ে মাওবাদীদের কাছে ‘টিকে থাকার’ লড়াইয়ে এককালে ‘সেফ জোন’ হয়ে উঠেছিল ছত্তীসগঢ়ের এই এলাকা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই বস্তারের ‘ডেমোগ্রাফি’। প্রায় মাওবাদী-মুক্ত হয়েছে এলাকা। কিন্তু সম্পূর্ণ নয়। আর সেই ফাঁক পূরণেই ছত্তীসগঢ়ে মাওবাদী উপদ্রুত এলাকায় খুলছে আরও ৩০টি আধাসেনার ঘাঁটি।
সিআরপিএফ জওয়ানের মাওবাদী দমনকারী বিশেষ ইউনিট কোবরা ব্যাটালিয়নের জন্য এই ৩০ ঘাঁটি তৈরি করতে চলেছে স্বরাষ্ট্র দফতর। যারা এখনও অন্তরালে লুকিয়ে থাকা শীর্ষ স্তরের মাওবাদী নেতাদের খতম করবে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারই ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, আইবি প্রধান তপন ডেকা, সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, ছত্তীসগঢ় পুলিশের ডিজি অরুণ দেব গৌতম-সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বৈঠকেই বস্তার-সহ গোটা ছত্তীসগঢ় জুড়ে বিশেষ এলাকা বাছাই করে শীর্ষ মাওবাদী নেতাদের নিধনে ৩০টি নতুন ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের বর্ষা শেষ হলেই এই নতুন ঘাঁটি তৈরির কাজ শুরু হবে বলে খবর।