Pedicure Tips: পুজোর আগে পার্লারে যেতে হবে না, বাড়িতেই করুন পেডিকিওর! রইল ৫ টিপস - Bengali News | Get pedicure at home before durga puja 2025 in this way - 24 Ghanta Bangla News
Home

Pedicure Tips: পুজোর আগে পার্লারে যেতে হবে না, বাড়িতেই করুন পেডিকিওর! রইল ৫ টিপস – Bengali News | Get pedicure at home before durga puja 2025 in this way

Spread the love

পুজোর আগে সবাই চায় নিজেকে ঝকঝকে-পরিপাটি করে তুলতে। এদিকে পার্লারে গিয়ে লম্বা সময় দেওয়ার সময় নেই। তাই অনেকেই কোনও রকমের পরিচর্যা করে ছেড়ে দেন। কিন্তু সৌন্দর্য্য তো কেবল মুখেই আবদ্ধ নয়। তা ছাড়া ত্বকের যত্নের একটা বড় অংশ হল পায়ের যত্ন নেওয়া। তাই সেই দিকে নজর দেওয়াটা জরুরি।

প্যান্ডেলে হপিং-এর সময় নতুন জুতো বা স্যান্ডেল পরার সময় যদি পা ফাটা বা অপরিচ্ছন্ন থাকে, তাহলে সাজটাই যেন অসম্পূর্ণ লাগে। অনেকে এজন্য পার্লারে গিয়ে পেডিকিওর করান। সময় না থাকলে কুছ পরোয়া নেহি, বাড়িতেই অল্প কিছু সময়ে সহজ উপায়ে পা যত্নে রাখা যায়। রইল সেই টিপস।

১। পা পরিষ্কারের জন্য সোকিং – প্রথমেই একটা টাব বা বড় গামলায় হালকা গরম জল নিন। তাতে এক চামচ নুন, সামান্য শ্যাম্পু বা বেবি বডি ওয়াশ, আর কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এবার এতে পা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে পায়ের ময়লা, ধুলোবালি-ঘাম দূর হবে, আর চামড়াও নরম হবে। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন, এতে মন ও শরীর দুটোই রিল্যাক্স হবে।

২। মৃত চামড়া তুলতে করুন স্ক্রাবিং – সোকিংয়ের পর পায়ের গোড়ালি এবং তলার দিকে খেয়াল করুন। এই অংশেই সাধারণত খসখসে মৃত চামড়া বেশি জমে থাকে। পিউমিক স্টোন বা ফুড ফাইল দিয়ে হালকা হাতে ঘষে নিন। চাইলে ঘরোয়া স্ক্রাবও বানাতে পারেন—চিনি, মধু আর অলিভ অয়েল মিশিয়ে নিলে দারুণ প্রাকৃতিক স্ক্রাব তৈরি হবে। এতে মৃত কোষ দূর হবে, পা হবে মসৃণ।

৩। নখের যত্ন নিন – পেডিকিওরের সবচেয়ে জরুরি অংশ নখ পরিষ্কার। সঠিকভাবে কেটে শেপ করে নিন। নখ কেটে নিন সোজাভাবে, যাতে ইনগ্রোন নখের সমস্যা না হয়। নখ কাটার পর নেল ফাইল দিয়ে ধারে মসৃণতা আনুন। কিউটিকল সরানোর জন্য আলতোভাবে কাঠি বা কিউটিকল পুশার ব্যবহার করুন, তবে কেটে ফেলবেন না। এতে আপনার নখ থাকবে সুন্দর এবং স্বাস্থ্যকর।

৪। ম্যাসাজ ও ময়েশ্চারাইজিং – স্ক্রাবিং এবং নখ কাটার পর একটি ভাল ময়েশ্চারাইজার বা নারকেল তেল দিয়ে পায়ে ১০ মিনিট মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন ভাল হবে, ক্লান্তি দূর হবে এবং চামড়া নরম থাকবে। চাইলে পায়ে ভেসলিন লাগিয়ে সুতির মোজা পরে নিতে পারেন—সারা রাত রাখলে পা সকালে হয়ে যাবে একেবারে মোলায়েম।

৫। শেষ কাজ – সব শেষে পছন্দের নেইল পলিশ লাগাতে পারেন। উজ্জ্বল রঙ পুজোর সাজের সঙ্গে মানিয়ে যাবে। তবে যদি নেইল পলিশ ব্যবহার না-ও করেন, অন্তত একটি ট্রান্সপারেন্ট কোট ব্যবহার করুন। এতে নখ শক্ত থাকবে, ভাঙবে না এবং উজ্জ্বল দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *