Canning: লুটিয়ে পড়েছে শরীর! পা বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে, ক্যানিংয়ে চাঞ্চল্য – Bengali News | Man Beaten to Death in Canning, Incident Sparks Tension in Local Area
ঘটনার সিসিটিভি ফুটেজImage Credit: নিজস্ব চিত্র
ক্যানিং: দড়ি দিয়ে বাঁধা পা। আর তাতে টান মেরেই এক যুবককে নিয়ে যাচ্ছেন এক জন। পাশে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে। যুবকের দেহ একেবারে নিষ্প্রাণ। সম্ভবত প্রাণটা তখনই দেহ থেকে বেরিয়ে গিয়েছে। এই ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্য়ম জুড়ে। ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সিসিটিভি ফুটেজ। কিন্তু ওই যুবক কে?
ভিডিয়ো কাটাছেঁড়া করতেই জানা যায়, ঘটনা ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকার। মঙ্গলবার সাতসকালে ওই যুবককে চুরির অভিযোগে পিটিয়ে খুন করে আরেক এক দল যুবক। তারপরে সেই দেহ দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে যায় তারা। যে ছবি ধরা পড়ে এলাকার সিসি ক্য়ামেরাতেও। স্থানীয়দের দাবি, পুলিশের সামনেই চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় যুক্তরাও এখনও অধরা। অবশ্য, স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
এদিন স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভোর তখন ৫টা। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে মারছে। বাঁশ এনেছিল। ছেলেটা কাকুতিমিনতি করছিল, বারবার বলছিল যে ওকে ভুল বোঝা হচ্ছে। কিন্তু তারপরেও কেউ থামেনি।” তবে অন্য় একজন বলছেন, “চুরি করতে এসেছিল, তাই গণপিটুনি দেওয়া হয়েছে। ৪-৫ জন ছিল। লাঠি দিয়েই মেরেছে।”