EPFO, Investments: সামান্য চাকরি, ছোট্ট সঞ্চয়! অবসরের সময় কোটি টাকা পেতে পারেন আপনি! – Bengali News | EPFO, Investments: Small job, small savings! You can get crores of rupees during retirement!
আমাদের দেশের সাধারণ চাকরিজীবীদের অন্যতম ভরসা হল প্রভিডেন্ট ফান্ড। অবসরের সময়ই হোক বা আপতকালীন কোনও কাজেই হোক। আর হিসেব বলছে নিয়মিত ছোট্ট সঞ্চয় একদিন গড়ে তুলতে পারে বিশাল ভান্ডার। ফলে, মাসে মাত্র ৫০০০ টাকা যদি আপনি পিএফে জমাতে পারেন, তাহলেই কিন্তু অবসরের সময় পাবেন প্রায় সাড়ে তিন কোটি টাকা।
কীভাবে সম্ভব? বর্তমানে বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ দেয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ধরুন, একজন কর্মী মাসে ৫০০০ টাকা জমা রাখলেন। সময়ের সঙ্গে সঙ্গে হবে বেতনবৃদ্ধিও। আর স্বাভাবিক ভাবেই বাড়াবে প্রভিডেন্ট ফান্ডে জমার অঙ্কও। আর সেই সঙ্গে যুক্ত হবে চক্রবৃদ্ধি সুদ। দীর্ঘ কয়েক দশক ধরে এইভাবেই ধাপে ধাপে তৈরি করবে বিশাল একটা তহবিল।
মনে করুন, ৩০ বছর বয়সে সঞ্চয় শুরু করলেন আপনি। অবসরের বয়স ৬০। তা ছাড়া প্রতি বছর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণও। হিসেব অনুযায়ী, অবসরের সময় পিএফের তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি।
প্রভিডেন্ট ফান্ডের সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত। কারণ, চাকরিজীবী যে সংস্থার কর্মরত, সেই সংস্থা এবং সরকার যৌথভাবে প্রভিডেন্ট ফান্ডে অবদান রাখে। এ ছাড়াও ওই কর্মীর জন্য থাকে করছাড়ের সুবিধাও। ফলে এটি শুধু সঞ্চয় নয়, একসঙ্গে দেয় নিরাপত্তাও।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, শুরু যত তাড়াতাড়ি, তত ভাল। কারণ যে কোনও বিনিয়োগে সময়ই হল আসল শক্তি। দীর্ঘমেয়াদি বিনিয়োগের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ মিলে যে কোনও সাধারণ সঞ্চয়কেও বিশাল অঙ্কে পরিণত করতে পারে।