S Jaishankar on US Tariff: 'সমস্যা থাকলে কিনবেন না...', ট্রাম্পের শুল্কের সাফ জবাব বিদেশমন্ত্রী জয়শঙ্করের - Bengali News | External Minister S Jaishankar Reacts on US Tariff, Says If you Don't Like it, Don't buy it - 24 Ghanta Bangla News
Home

S Jaishankar on US Tariff: ‘সমস্যা থাকলে কিনবেন না…’, ট্রাম্পের শুল্কের সাফ জবাব বিদেশমন্ত্রী জয়শঙ্করের – Bengali News | External Minister S Jaishankar Reacts on US Tariff, Says If you Don’t Like it, Don’t buy it

Spread the love

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI

নয়া দিল্লি: ভারত সবথেকে বেশি শুল্ক নেয়! এই অভিযোগ বারবার তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছে আমেরিকা। এই দাদাগিরি নিয়ে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে বললেন, “কাউকে বাধ্য করা হয়নি ভারত থেকে রিফাইনড তেল বা অন্য কোনও পণ্য কিনতে”।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৫-র অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “এটা খুব মজার যে যারা ব্যবসামনস্ক মার্কিন প্রশাসনের জন্য কাজ করে, তারাই অন্যদের ব্যবসা করা নিয়ে বলছেন। যদি ভারত থেকে তেল বা অন্য রিফাইনড পণ্য কিনতে সমস্যা থাকে, তাহলে কিনবেন না। কেউ জোর করেনি। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তাই যদি পছন্দ না হয়, তাহলে কিনবেন না।”

ভারত-পাকিস্তানের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতা করার প্রসঙ্গ উঠতেই বিদেশমন্ত্রী বলেন যে প্রতিবেশী দেশ সংক্রান্ত বিষয়ে ভারত অন্য কারোর মধ্যস্থতা গ্রহণ করবে না।

বাণিজ্য ও দেশের কৃষকদের স্বার্থে সরকারের কী অবস্থান, তা স্পষ্ট বলেই জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বলেন, “যদি কেউ আমাদের সঙ্গে সহমত না হন, তাহলে ভারতের জনগণকে বলে দিন যে আপনারা কৃষকদের স্বার্থ রক্ষা করতে আপনারা প্রস্তুত নন। বলে দিন যে জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। জাতীয় স্বার্থ রক্ষা করতে আমরা যা পারব, করব।”

ট্রাম্পের বিদেশনীতি নিয়েও মুখ খোলেন বিদেশমন্ত্রী। বলেন, “বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো গোটা বিশ্ব এমন কোনও মার্কিন প্রেসিডেন্ট দেখেনি যিনি এমন প্রকাশ্যে বিদেশনীতি ঠিক করেন”। রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টিও ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার আগে আলোচনা হয়নি বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

প্রসঙ্গত, ভারত-আমেরিকার সুসম্পর্ক থাকলেও, সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক এবং পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপান। এর পিছনে যুক্তি দেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *