Abhishek Banerjee: এবার নন্দীগ্রামে বাড়তি নজর অভিষেকের, শুনে সুকান্ত বললেন... - Bengali News | TMC national general seretary Abhishek Banerjee will hold a meeting regarding Nandigram - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: এবার নন্দীগ্রামে বাড়তি নজর অভিষেকের, শুনে সুকান্ত বললেন… – Bengali News | TMC national general seretary Abhishek Banerjee will hold a meeting regarding Nandigram

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: প্রত্যেক জেলার নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে আলাদা করে নজর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নন্দীগ্রাম নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। তবে এই বৈঠকের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। হেভিওয়েট এই কেন্দ্রে সিপিএম প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে ফল ঘোষণার সময় দেখা যায়, লড়াই হয় মূলত মমতা ও শুভেন্দুর মধ্যে। শেষপর্যন্ত ১৯৫৬ ভোটে জয়ী হন শুভেন্দু। তবে তাঁর এই জয় নিয়ে কটাক্ষ করে তৃণমূল। আদালতে মামলাও হয়।

একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন মমতা। গত কয়েকমাসে মমতার ভবানীপুর কেন্দ্রে বাড়তি নজর দিয়েছেন শুভেন্দু। মমতাকে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। এবার শুভেন্দুর নন্দীগ্রাম আসনে বাড়তি নজর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জেলা ধরে ধরে বৈঠকের মাঝেই শুধু নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক করতে চান অভিষেক। নন্দীগ্রামের তৃণমূল নেতাদের ডাকা হবে বৈঠকে। জানা গিয়েছে, নন্দীগ্রামে অঞ্চল কমিটি তৈরি হবে। তারপর ব্লক কমিটি তৈরি হবে। নেতা কর্মীদের মতামত নিয়ে নিচুতলা থেকে সংগঠন সাজানো হবে।

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক। তিনি নির্দেশ দিয়েছেন, দলের ভেতরে থেকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের চিহ্নিত করতে হবে । তাদের সঙ্গে দূরত্ব রাখতে হবে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে নন্দীগ্রাম আসন।

নন্দীগ্রাম নিয়ে অভিষেকের আলাদা বৈঠকের ভাবনা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “নন্দীগ্রামে উনি নজর রাখতেই পারেন। কিন্তু, সেখানে আমরা জিতব। আর ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারাব এবার।” এখানেই না থেমে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এখন এমন একটি তাসের ঘরে পরিণত হয়েছে, যেটা বাইরে থেকে দেখতে সুন্দর। ভেতরে শতছিন্ন, ফাটল। সেজন্য ভোট এলে দেখবেন কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *