Robbery: ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে দুঃসাহসিক ডাকাতি, ৮ দিনের মাথায় বড়সড় সাফল্য পুলিশের – Bengali News | Major breakthrough in investigation into daring robbery, police arrest 3 people and recover part of the lost cash
বাঁকুড়া: জঙ্গলে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ডাকাতি করে চম্পট দিয়েছিল একদল দুষ্কৃতী। এ ঘটনাতেই এবার বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে এবার ঘটনায় যুক্ত থাকা দুস্কৃতীদলের ৩ মাথাকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া নগদ টাকার একাংশ। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানা এলাকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ১১ অগস্ট রাত আটটা নাগাদ বিমান মণ্ডল নামের কোতুলপুরের এক ব্যবসায়ী পিয়ারডোবা থেকে কোতুলপুরে নিজের গাড়িতে চড়ে বাড়িতে ফিরছিলেন। ব্যবসায়ীর গাড়ি জয়পুর থানার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বালিগুমার জঙ্গলের কাছাকাছি আসতেই গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিয়েছিল একদল দুস্কৃতী।
পুলিশের দ্বারস্থ হন বিমান মণ্ডল। তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও প্রযুক্তিগত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমেই সন্দেহ হয় ওই ব্যবসায়ীর সদ্য নিযুক্ত এক সহযোগীকে। জয়পুর থানার শালতোড়া গ্রামের বাসিন্দা সামিম রহমান মোল্লা নামের ওই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসতে শুরু করে আসল তথ্য। পুলিশ জানতে পারে সামিম রহমান মোল্লা ছাড়াও এই ডাকাতির ঘটনায় সরাসরি যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন।
এরপরই পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রাম থেকে এই ঘটনায় যুক্ত নুর নবী খান ও মুজিবর মোল্লা নামের দুই দুস্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এই ডাকাতির ঘটনায় আরও ৩ জন যুক্ত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।