Indo China Meet: জয়শঙ্করের মুখে ‘এগিয়ে চলার’ বার্তা, গালোয়ানের জমে থাকা বরফ কি গলবে ওয়াং-বৈঠকে? – Bengali News | Indo China Meet, S Jaishankar Met With Chienese Counterpart, Wang Yi
নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্কের কথা উঠলেই একটি শব্দের প্রয়োগ বরাবরই করে থাকেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা। এই দুই দেশের রসায়ন তাদের কাছে ‘অম্লমধুর’। কিন্তু সত্যিই কি তাই? সেই উত্তরটাই হয়তো দিতে পারবে নয়াদিল্লিতে চিনা বিদেশমন্ত্রীর ওয়াং ই-র সফর।
সোমবার দু’দিনের সফরে ভারতে এসেছেন তিনি। ইতিমধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতেও দেখা গিয়েছে তাঁকে। চলতি সপ্তাহেই ওয়াং নাকি যেতে পারে পাকিস্তানেও। আর তাঁর সম্ভাব্য ইসলামাবাদ সফরের আগেই তিনি চলে এলেন নয়াদিল্লিতে।
ভারত চিন সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং স্বার্থের দ্বারাই পরিচালিত হওয়া উচিত বলে চিনের বিদেশমন্ত্রীর কাছে বার্তা দিয়েছেন জয়শঙ্কর। দুই দেশের ভাবনার পার্থক্য যেন বিবাদের আকার না নেয়, সেই আবেদনও রেখেছেন তিনি।
সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে জয়শঙ্করের মুখে বহুপাক্ষিক বিশ্বের কথা। চিনের বিদেশমন্ত্রীকে তিনি বলেন, “এই সুযোগে ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আরও একবার পর্যালোচনা করে নেওয়া প্রয়োজন। পাশাপাশি, বিশ্বজুড়ে চলা বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও আলোচনা সেরে নেওয়া উচিত।” এরপরেই দুর্গম সময়কে ভুলে চিনের সঙ্গে নতুন ভাবে এগিয়ে চলার বার্তা দিতে শোনা যায় বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। ভারত যে একটা সুষ্ঠ বহুপাক্ষিক বিশ্বব্যবস্থাতেই বিশ্বাসী সেই বার্তাই চিনের বিদেশমন্ত্রীকে দিয়েছেন জয়শঙ্কর।
উল্লেখ্য, ২০২০ সালে গালোয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিনের সম্পর্ক যতটা বিষিয়ে গিয়েছিল, তা এখন তুলনামূলক ভাবে অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেই মত একাংশের। ওই ঘটনার পর সাময়িক বিরতি নেয় দুই দেশ। তারপর সময়ের নিয়মে যেমন ক্ষত শুকিয়ে যায়, ঠিক তেমন ভাবে নতুন করে আবারও সব সমীকরণকে এক রেখায় টেনে আনতে দেখা যায় ভারত-চিনকে। খুলে যায় কৈলাস মানসরোবার যাত্রা, সাংহাই সামিটে যোগদানের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। আর তার আগেই ভারতে এলেন ওয়াং ই। সবটাই সেই সমীকরণ মেপে।
তবে এই সফরের তাৎপর্য যে শুধু দুই দেশের সমীকরণের মধ্যে সীমাবদ্ধ হয়েছে এমনটা নয়। বর্তমানে বিশ্ব রাজনীতিতে জুড়ে গিয়েছে আরও একটি প্রসঙ্গ। তা হল ট্রাম্পে শুল্কবাণ। যা কার্যত ‘মাথা ব্যথায়’ রূপান্তরিত হয়েছে বলেই মনে করছেন বিদ্যজনেরা। আর সেই ‘মাথা ব্যথা’ থেকে বাণিজ্যিক মুক্তি পাওয়া যেতে পারে চিনের হাতধরে। তবে তা যে সাউথ ব্লকের জন্য খুব একটা সহজ অঙ্ক নয়, সেই নিয়েও কোনও সন্দেহ নেই।