Donald Trump-Vladimir Putin: ইউক্রেনের এই জমি পুতিনের চাই-ই চাই, ট্রাম্প দাবির কথা জানাতেই জ়েলেনস্কি বললেন… – Bengali News | US President Donald Trump Conveys Russia President Vladimir Putin’s Donetsk Demand To Ukraine President Volodymyr Zelenskyy, He Refused
পুতিনের দাবি শুনে কী বললেন জ়েলেনস্কি?Image Credit source: PTI
ওয়াশিংটন: পুতিনের সঙ্গে বৈঠক করেই শিবির পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এতদিন ইউক্রেনের হয়ে সুর চড়ানো ট্রাম্পই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনকে বলেন যে তাদের রাশিয়ার সঙ্গে চুক্তি করে নেওয়া উচিত। রাশিয়া অনেক বড় শক্তি, ইউক্রেন নয়। ইউক্রেনকে এমন এক প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, যা মানতে নারাজ সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। কী সেই প্রস্তাব?
সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে জানান যে রাশিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে রাজি। তবে তার জন্য ইউক্রেনকে দনেৎস্কের নিয়ন্ত্রণ ছাড়তে হবে। এই অঞ্চল রাশিয়াকে হস্তান্তর করতে হবে।
ট্রাম্প প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে জানান, ইউক্রেন যদি দনেৎস্কের অধিকার ছেড়ে দেয়, তবে রাশিয়াও তার আগ্রাসন বন্ধ করে দেবে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট কোনওমতে এই প্রস্তাব মানতে নারাজ।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই রাশিয়া ইউক্রেনের এই অংশের উপরে নিজেদের দাবি জানিয়েছে এবং তা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডের ২০ শতাংশ দখল করে রেখেছে, যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশই দনেৎস্ক প্রদেশ। এই শিল্পাঞ্চলই বরাবর টার্গেট ছিল রাশিয়ার।
জানা গিয়েছে, ট্রাম্প জ়েলেনস্কিকে আরও বলেছেন যে সংঘর্ষবিরতি ছাড়াই শান্তি চুক্তির আলোচনা চলুক। এই প্রস্তাবে তিনি ও পুতিন-দুজনেই রাজি। এদিকে, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি প্রথম থেকে সংঘর্ষবিরতির দাবি জানিয়ে এসেছে।
ইউক্রেনকে উপদেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়ার সঙ্গে চুক্তি করে নেওয়া উচিত। রাশিয়া অনেক বড় শক্তি, ইউক্রেন তা নয়।
জ়েলেনস্কি গতকালই জানিয়েছিলেন, তিনি সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের নেতাদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
