‘প্রকৃতির নিয়মেই মানুষ ও পশু সহাবস্থান করতে পারে’, কীভাবে ব্যাখ্যা দিলেন TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস – Bengali News | TV9 Network MD CEO Barun Das Talks About how dogs Behavior is Mirror of Society
নয়া দিল্লি: রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা থেকে আট সপ্তাহের মধ্যে পথকুকুরদের শেল্টারে স্থানান্তরের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। ক্ষুব্ধ পশুপ্রেমীরা। একদিকে যেখানে নাগরিক সুরক্ষার সঙ্গে যুক্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, সেখানেই পশুপ্রেমী সংগঠনগুলি অধিকার নিয়ে সরব হয়েছেন। এই পথকুকুরদের দেখভালের দায়িত্ব নেবে কে, সেই প্রশ্নও তুলেছেন।
টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস এই বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিলেন। ব্যাখ্যা করলেন, কীভাবে পথকুকুরদের আচরণ সমাজের সামনে আয়না তুলে ধরছে। “পশুদের সহজাত প্রবৃত্তি” (animal instinct) শব্দবন্ধটি আসলে ভুল ব্যাখ্যা করা হয়। সিইও বরুণ দাস বলেন যে কোনওভাবে থ্রেট বা বিপদের মুখে পড়লে, তবেই পশুরা প্রতিক্রিয়া দেয়, আক্রমণ করে। আর যদি প্রকৃতির খাদ্যশৃঙ্খলের মধ্যে পড়ে, তবেই পশুরা তাদের শিকার করে।
তিনি পথকুকুরদের আচরণের ব্যাখ্যা দিয়ে বলেন, “কোনও এলাকায় নতুন কেউ এলে কুকুররা যেভাবে আচরণ করে বা প্রতিক্রিয়া দেয়, তা সেই সমাজের বা এলাকার মানুষের পরিচয়কেই তুলে ধরে।”
শিশুর উপরে কুকুরের হামলার ঘটনার প্রসঙ্গও টেনে টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর-সিইও বরুণ দাস বলেন যে এমন হতে পারে অতীতে কেউ ওই কুকুরটির সঙ্গে খারাপ আচরণ করেছে, তারই প্রতিক্রিয়ায় এই ঘটনা।
সুপ্রিম কোর্টের রায়ে একদিকে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনই আবার স্বস্তিও মিলেছে। এর ব্যাখ্যা করে তিনি বলেন, “এই পদক্ষেপ নাগরিকদের সুরক্ষার দিকে এক ধাপ এগোনো। তবে এটি শুধুমাত্র আইনি নির্দেশ নয়, এটা তার থেকেও বেশি- এটা নিয়ে সকলের আলোচনা করা দরকার।”
দিল্লি-এনসিআর অঞ্চলে আনুমানিক আট লক্ষ পথকুকুর রয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে বিরাট প্রভাব পড়বে। পথকুকুরদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় বলেই উল্লেখ করেন বরুণ দাস। সুপ্রিম কোর্ট অবিলম্বে দিল্লি সরকার ও পুরসভাকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে, তাকে স্বাগত জানিয়েই টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর-সিইও বলেন, “যদি আমরা আট সপ্তাহের মধ্যে শেল্টার হোম তৈরি করতে পারি, তবে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সেটাই প্রশ্ন।”
শিশু ও প্রবীণ ব্যক্তিদের উপরে পথকুকুরদের আক্রমণের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বরুণ দাস পশুদের প্রতি হওয়া অত্য়াচারের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, কীভাবে কোনও কারণে বা উসকানিমূলক আচরণ ছাড়াই পথকুকুরদের উপরে অমানবিক অত্যাচার করে কেউ কেউ। তাই শুধুমাত্র এক পক্ষের দোষ দেখলে চলবে না।
সুপ্রিম কোর্টের রায় যাতে বিনা বাধায় কার্যকর হয়, তার আর্জি জানিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস বলেন, “যদি আট সপ্তাহ পর্যান্ত না হয়, তাহলে সেটাই তুলে ধরুন।”
প্রকৃতির নিয়মেই মানুষ ও পশু একসঙ্গে সহাবস্থান করতে পারে এবং তা-ই করা উচিত বলে মত প্রকাশ করেন টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস।
