অভিষেকের বিরুদ্ধে সম্মানহানীকর মন্তব্য নয়, শুভেন্দুকে কড়া আদালতের নির্দেশ - 24 Ghanta Bangla News
Home

অভিষেকের বিরুদ্ধে সম্মানহানীকর মন্তব্য নয়, শুভেন্দুকে কড়া আদালতের নির্দেশ

Spread the love

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনওরকম সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলার ভিত্তিতে আদালতের এই নির্দেশ।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে দিঘায় মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী, শর্ত আরোপ আদালতের

সিভিল জজ (সিনিয়র ডিভিশন) ৮ নম্বর আদালতের বিচারক সোমনাথ কুণ্ডু জানিয়েছেন, আগামী ১৯ আগস্ট পর্যন্ত কোনও মুদ্রিত, ইলেকট্রনিক বা সামাজিক মাধ্যমে মৌখিক বা লিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়, এমন কোনও মন্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাক স্বাধীনতা মানে এই নয় যে, তা ব্যবহার করে কাউকে অসম্মান করা যাবে। কোনও জনপ্রতিনিধির সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে তা বাক স্বাধীনতার পরিসরের বাইরে পড়ে। অভিযোগ, ২৬ জুন বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি, সরকারি অর্থের অপব্যবহার, নির্বাচন, ভোট পরবর্তী হিংসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। এমনকি ইঙ্গিতে তাঁকে প্রতারক বলেও উল্লেখ করা হয়।

এই সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। শুভেন্দুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তা প্রচারিত হয়, যেখানে তাঁর লক্ষাধিক অনুগামী রয়েছেন। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি, বক্তব্যগুলি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং শুধুমাত্র রাজনৈতিক ক্ষতিসাধনের জন্য তৈরি। মানহানির অভিযোগে তিনি ক্ষতিপূরণও দাবি করেছেন। আদালতের নির্দেশকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ, বিরোধী দলনেতার মুখ বন্ধ রাখতে এমন নির্দেশ বিরল এবং তা রাজনৈতিক শিবিরে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ১৯ অগস্ট মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *