Bagda: বৃষ্টিতে স্কুলে ছাত্রীর সংখ্যা কম, সেই সুযোগেই তৃতীয় শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমে ডেকে যা করলেন শিক্ষক – Bengali News | Bagda Teacher arrested for physical harassing third grade student
উত্তর ২৪ পরগনা: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শিক্ষককে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আটক করেছে পুলিশ। অভিভাবকের অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
অভিভাবকরা জানাচ্ছেন, গত শুক্রবার প্রবল বৃষ্টির কারণে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্য কম ছিল। অভিযোগ, স্কুল ফাঁকা থাকার সুযোগ নিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন শিক্ষক। মঙ্গলবার অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে সেই অভিযোগ জানান । পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ স্কুলে পৌঁছানোর আগেই ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। ক্ষুব্ধ অভিভাবকের হাত থেকে শিক্ষককে উদ্ধার করে বাগদা থানার পুলিশ।
নাবালিকা ছাত্রীরা মায়ের অভিযোগ, “শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে, আর যেন অন্য কারোর সঙ্গে এরকম ধরনের ঘটনা না ঘটাতে পারে।”
স্কুলের প্রধান শিক্ষক ব্রতীশ কুমার দাস বলেন, “স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নিন্দনীয় । এর প্রভাব যেন স্কুলের উপরে না পড়ে । অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে নিয়ে গিয়েছে। প্রশাসন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক, আমরা সেটা চাই।”
