Tejashwi Yadav: SIR-র খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার, তেজস্বী বললেন, ‘ভোটে লড়ব কীভাবে?’ – Bengali News | My name is missing from draft voter list: Tejashwi Yadav
পটনা: বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে তিনিও রয়েছেন। শনিবার সাংবাদিক বৈঠক করে বললেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। একইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?”
বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন ওই খসড়া তালিকা প্রকাশের পরই এদিন পটনায় সাংবাদিক বৈঠক করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন, “EPIC নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না।” SIR-র সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন, “বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।”
