Mamata-Anubrata: বীরভূমে মমতা পা দিতেই দেখা করতে ছুটলেন কেষ্ট, কী কথা হল? – Bengali News | TMC leader Anubrata Mondal meets party Supremo Mamata Banerjee after she reaches in Birbhum
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর কিছু বলেননি অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla
বীরভূম: তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের আগের বিকেলে ধর্মতলায় তাঁকে আটকেছিল পুলিশ। গার্ডরেলের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে এসেছিলেন। ফলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তাঁর। আর রবিবার মুখ্যমন্ত্রী বীরভূমে পা রাখতেই দেখা করতে পৌঁছে গেলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনিট দশেক কথা বলার পর বেরিয়ে আসেন তিনি। তবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করলেন না।
এদিন রাঙাবিতান গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী ঢোকার পর বীরভূমের তৃণমূলের কোর কমিটির একাধিক সদস্য সেখানে আসেন। কিছুক্ষণ পর তাঁরা বেরিয়ে যান। তাঁরা বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢোকেন অনুব্রত। বর্তমানে তিনিও দলের জেলা কোর কমিটির সদস্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি অনুব্রত। কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। গাড়ির কাচও নামান অনুব্রত। তারপরই কিছু না বলে বেরিয়ে যান। পিছনের গাড়িতেই ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর দেখা হয়েছে। কথা হয়েছে। কী কথা হয়েছে জানতে চাওয়ায় তিনি বলেন, “এটা অনুব্রত বলতে পারবেন।”
প্রসঙ্গত, কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের একটি অডিয়ো সামনে এসেছিল। ওই পুলিশ আধিকারিককে অনুব্রত গালিগালাজ দেন বলে অভিযোগ। দল রুষ্ট হতেই এই নিয়ে ক্ষমাও চান কেষ্ট। একুশের জুলাইয়ে সমাবেশের আগের দিন মমতার সঙ্গে অনুব্রতর দেখা না হওয়ার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকে বলেন, ফোনে পুলিশকে গালিগালাজের বিষয়টি যে তৃণমূল সুপ্রিমো যে ভালভাবে নেননি, সেই ঘটনাতেই তা কার্যত স্পষ্ট। ওই ঘটনার পর এদিন মমতার সঙ্গে কথা হল কেষ্টর। কী কথা হয়েছে তাঁদের মধ্যে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এদিকে, আগামী ২ দিন বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামিকাল বেলা ১ টার সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক রয়েছে। তারপর পদযাত্রা। জামবুনি বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রার পর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং ভাষা আন্দোলন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ২৯ তারিখ ইলামবাজারে প্রশাসনিক সুবিধাপ্রদান সভা রয়েছে তাঁর।
