Officers Transferred: সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত বড় নির্দেশিকা নবান্নের | Big Administrative Shake Up in West Bengal: 35 Senior WBA&AS Officers Transferred by Nabanna
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্য সরকারি স্তরে এক বড়সড় প্রশাসনিক রদবদল। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ৩৫ জন ডাব্লিউবিএ অ্যান্ড এএস (WBA&AS – West Bengal Audit and Accounts Service) ক্যাডারের উচ্চপদস্থ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে তাঁদের নতুন পদে যোগদান করতে হবে। এই বদলি প্রক্রিয়ার সুবিধার্থে এবং প্রশাসনিক জটিলতা এড়াতে পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তি প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে, একাধিক আধিকারিকের পরিষেবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দফতরের অধীনে ন্যস্ত করা হয়েছে, যাতে আর্থিক নজরদারি আরও জোরদার হয়।
কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত প্রয়োজনীয় ‘ম্যাচিং অর্ডার’ জারি করার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। পাশাপাশি, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবার ডিজিটাল মাধ্যমকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত আধিকারিককে এসআরএমএস (SRMS) পোর্টালের মাধ্যমে অনলাইনে তাঁদের দায়িত্বভার বা চার্জ হস্তান্তর করতে হবে।
এই পুরো প্রক্রিয়াটি রাজ্য অর্থ দফতরের ২০১৬ সালের নির্দিষ্ট নির্দেশিকা ও নিয়মাবলি মেনেই সম্পন্ন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা ভোটের পর রাজ্য সরকারের এই বড় মাপের রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে পুলিশে প্রশাসনিক স্তরে রদবদল করেছে নবান্ন। নির্বাচনী আবহে নির্বাচন কমিশন এ রাজ্যের পুলিশের একাধিক পদে বদল আনে। আর এবার রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের পশ্চিমবঙ্গ পুলিশে বড় রদবদল। একসঙ্গে ১৭৯ জন আইপিএস (IPS) ও ডব্লুবিপিএস (WBPS) আধিকারিকের বদলি ও পদোন্নতি হল।