Falta SEZ: ৭০ থেকে ইউনিট কমে ৩৬, ফলতা SEZ-এর এমন হাল কেন! – Bengali News | Units of Falta SEZ decreased to 36 from 70, why this happened
কলকাতা: শিল্পকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছিল ফলতার স্পেশাল ইকনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় রয়েছে সেই এলাকা। কিন্তু গত কয়েক বছরে ওই এসইজেড ছেড়ে চলে গিয়েছে একাধিক ইউনিট। সংসদে প্রকাশ্যে এল সেই পরিসংখ্যান।
সম্প্রতি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা প্রশ্নের উত্তরে কেন্দ্র জানায় ৬৬৮৮টি সংস্থা তাদের দফতর সরিয়ে নিয়ে গিয়েছে বাংলা থেকে। আর এবার ফলতা এসইজেড নিয়ে প্রশ্ন করেছিলেন শমীক ভট্টাচার্যই। সেখানেও ৬ বছরে কমে প্রায় অর্ধেক হয়েছে ইউনিটের সংখ্যা।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৯-এ যে ইউনিটের সংখ্যা ছিল ৭০, সেটা ২০২৪-এ সেটাই নেমে হয়েছে ৩৬টি।
কেন এভাবে হু হু করে কমছে ইউনিটের সংখ্যা? এই প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, করোনা পরিস্থিতির পর রফতানি কমতে শুরু করেছে। তাতে একটা প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, এসইজেড থেকে পরিবহন ব্যবস্থা ভাল নয়। কলকাতা বা হলদিয়া বন্দরে যাওয়ার পথ খুব একটা সুগম নয়। এছাড়া মাল্টি মোডাল ট্রান্সপোর্টও নেই। সেই কারণেই ধাক্কা খাচ্ছে।
তবে এই অঞ্চলকে বাঁচাতে কী পদক্ষেপ করা হয়েছে, সে কথাও উল্লেখ করেছে কেন্দ্র। ফলতা থেকে জলপথে যাতে পণ্য পরিবহন করা যায়, সেই আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রেলপথে সংযোগের জন্য কথা বলা হয়েছে ইস্টার্ন রেলের সঙ্গেও। এছাড়াও গ্যাস সাপ্লাই থেকে শুরু করে আরও বিভিন্ন দিকে উন্নয়নের চেষ্টা হচ্ছে।