পান কেনাবেচায় অনিয়ম হলেই অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে, পদক্ষেপের আশ্বাস - 24 Ghanta Bangla News
Home

পান কেনাবেচায় অনিয়ম হলেই অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে, পদক্ষেপের আশ্বাস

Spread the love

পান কেনাবেচায় অনিয়ম রুখতে এবার প্রযুক্তির সহায়তায় নজরদারি জোরদার করতে চলেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় পানচাষ সংক্রান্ত যেকোনও অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সংশ্লিষ্ট দুই জেলার জন্য তৈরি হবে আলাদা দুটি গ্রুপ। সেখানে কৃষক, আড়তদার, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ এবং দফতরের আধিকারিকরা যুক্ত থাকবেন।

আরও পড়ুন: বিশ্বের বাজারে বাংলার পান বিক্রিতে কার্গো বিমান চালাতে কেন্দ্রের দ্বারস্থ হবে রাজ্য

দফতরের তরফে জানানো হয়েছে, পান কেনাবেচায় নির্দিষ্ট নিয়ম রয়েছে। গুছিতে ৭০টির বেশি পান রাখা বা বিক্রি করার অনুমতি নেই। কিন্তু বাজারে চিত্র ভিন্ন। দীর্ঘদিন ধরেই সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এর ফলে ক্ষতির মুখে পড়ছেন বহু পানচাষি। বারবার সতর্কতা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার কঠোর মনোভাব গ্রহণ করেছে প্রশাসন।

নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যেকোনও অনিয়মের খবর দিলে তাৎক্ষণিকভাবে থানাকে ব্যবস্থা নিতে বলা হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা বুধবার এক বৈঠকে সব পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই জেলার পানচাষ অঞ্চলগুলির বিধায়ক, কৃষক সংগঠনের প্রতিনিধি, আড়তদার সংগঠন, প্রশাসনিক আধিকারিক ও পুলিশকর্তারা।

পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন, বৈঠকে সব পক্ষকে নিয়ম মেনে চলার বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ করবে। বৈঠকে উপস্থিত অনেকেই মনে করেন, এক-দু’জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেই অনিয়ম অনেকটাই কমবে। তবে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, এইবার আর শুধুমাত্র সতর্কতায় সীমাবদ্ধ থাকবে না দফতর। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই ব্যবস্থায় চাষিদের প্রত্যক্ষ অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনই স্থানীয় স্তরে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরবে বলেই মনে করছে কৃষি দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *