শুটিং ফ্লোরে আজ প্রসেনজিত্, কৌশিক, সৃজিত একসঙ্গে, শহরে কোন শুটিং? – Bengali News | Prosenjit Chatterjee Srijit Mukherji and Kaushik Ganguly will be seen together in an advertisement
শুটিং ফ্লোরে আজ চাঁদের হাট। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর সৃজিত মুখোপাধ্যায়। সুপারস্টার প্রসেনজিত্ কি ছবির নায়ক? তা হলে অ্যাকশন বলবেন কে? কৌশিক নাকি সৃজিত? নাকি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো আজকে জুটিতে পরিচালনা করবেন দুই পরিচালক? বিষয়টা আসলে সেরকম নয়। এবার ক্যামেরার সামনেই সুপারস্টারের সঙ্গে দুই পরিচালক।
দুর্গাপুজো আসছে। বিভিন্ন ব্র্যান্ডের শুটিং শুরু হয়ে গিয়েছে। এবার একটা চালের ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে পাওয়া যাবে সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে তাঁর দুই পছন্দের পরিচালককে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ বাংলা ছবির সিনেমাপ্রেমীরা। এমনকী বাংলার গণ্ডি টপকেও, তাঁর অভিনয়ের অনুরাগীর সংখ্যা প্রচুর। সৃজিত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ইদানীং ‘মার্ক্স ইন কলকাতা’ নাটকে তাঁর অভিনয় সবচেয়ে বেশি চর্চিত হয়েছে। তাই ক্যামেরার সামনে এই দুই নামী পরিচালক সাবলীল। তবে সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে ফ্রেমবন্দি হবেন তাঁরা, এই বিষয়টা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
যতই বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাক তিনজনকে, দর্শকের তরফে একটা প্রশ্ন থাকবেই। সৃজিতের পরিচালনায় ‘দশম অবতার’-এর পর প্রসেনজিত্ আবার কবে ছবি করবেন, তা জানার জন্য উদগ্রীব দর্শকের একাংশ। আবার ‘অযোগ্য’-র পর প্রসেনজিত্-কৌশিক জুটি কবে বড়পর্দায় ফিরবে, সেই প্রশ্নও ঘুরছে। এখনও কোনও পরিচালকই কিছু ঘোষণা করেননি। তাই অপেক্ষা করতেই হবে। দুর্গাপুজোতে সৃজিত-প্রসেনজিত্ জুটি কিন্তু বহু বছরই নজর কেড়েছে। এবার দুধের স্বাদ ঘোলে মেটার মতো। এই জুটির ছবি না থাকলেও, তাঁরা পাশাপাশি বিজ্ঞাপনে থাকবেন। তাই বা কম কী!