Dilip Ghosh: ‘জয় বাংলা কখনও বলব না’, একুশে জুলাই বিজেপির মঞ্চেই দিলীপ, তৃণমূলে যোগদানের জল্পনা নিয়েও মুখ খুললেন – Bengali News | ‘We will never say Joy Bangla’, says BJP leader Dilip Ghosh
খড়্গপুর: একুশে জুলাই তিনি কোথায় থাকবেন? গত কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। হেঁয়ালি রেখেই উত্তর দিচ্ছিলেন তিনি। আর সোমবার সব জল্পনায় জল ঢেলে তাঁকে বিজেপির মঞ্চেই দেখা গেল। খড়্গপুরে বিজেপির ওই মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তবে তাঁর অবস্থান নিয়ে দলের কর্মীদের অনেকেই যে বিভ্রান্তিতে পড়েছিলেন, তা স্বীকার করে নিলেন দিলীপ। আবার এই বিভ্রান্তির জন্য দলের কিছু নেতার দিকেই তিনি আঙুল তুললেন।
সোমবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ হয়। আর এদিনই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গিরি ময়দানে শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হাতে তাদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছেন। সেই নিহত কর্মীদের শ্রদ্ধা জানাতেই সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ।
সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে দিলীপ স্বীকার করেন, তাঁকে নিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন দলের কর্মীরা। তাঁর কথায়, “যাঁরা ঘাম ঝরিয়ে, রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন, তাঁরা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞাসা করেছেন, দিলীপদা কোন মঞ্চে থাকবেন? সবাই জানত, পশ্চিমবঙ্গে ২১ জুলাই একটাই মঞ্চ হত, সেটা ধর্মতলায়। খড়্গপুরে মঞ্চ হতে পারে, এটাই চমৎকর।”
এরপরই তিনি বলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে যাবে বলে যাঁরা কর্মীদের বিভ্রান্ত করেছিলেন, তাঁরা ডিম-ভাত খাওয়া পার্টি। বিজেপির কর্মীরা বিশ্বাস করেননি। তবে মাথায় একটু সন্দেহ এসেছিল। জেনে রাখুন, রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসছেন, ততক্ষণ এই লড়াই চলবে।” কিন্তু, কারা তাঁকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন? কারও নাম বলতে চাইলেন না দিলীপ।
কিন্তু, তিনি যে বিজেপিতে থাকছেন, তা স্পষ্ট করে দিলেন দিলীপ। বললেন, “১০ বছর আগেও দিলীপ দলের কর্মী ছিলেন। আজও একজন কর্মী আছি। বিজেপি যতক্ষণ না ক্ষমতায় আসছে, কর্মী হিসেবে লড়াই করব। বিজেপি ক্ষমতায় আসার পরও দিলীপ কর্মী হিসেবে কাজ করবে।”
তৃণমূলে যে কোনওদিনও তিনি যাবেন না, তাও বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন ধর্মতলা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, “২৬-এর নির্বাচনের পর ওদের দিয়ে জয় বাংলাও বলাব।” তার জবাবে খড়্গপুর থেকে দিলীপ বলেন, “আমরা জয় মা কালী, জয় মা দুর্গা ও জয় শ্রী রামও বলব। সব বলব। কিন্তু কখনও জয় বাংলা বলব না। বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে আসবেন। পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন।” এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ।
