Malda: বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুন, মর্জিনাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ – Bengali News | After 3 years court order daughter in law to be in jail for life for killing mother in law
মালদহ: বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুন! বিস্ফোরক অভিযোগ উঠেছিল বউমার বিরুদ্ধে। তিন বছর পর সেই পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। মালদহ জেলা আদালতে ওই পুত্রবধূকে দোষী সাব্যস্ত করা হয়। আজ, বুধবার কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবির মৃত্যু হয়। বাটখারা দিয়ে মেরে তাঁকে খুন করার হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন গোলেনূর বিবির ছেলে কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মর্জিনা খাতুনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শেষে ২০২২ সালের ১০ ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ।
সরকারি পক্ষের আইনজীবী অমলকুমার দাস জানান, মর্জিনা খাতুন নামে ওই মহিলা গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে তাঁর শাশুড়ি গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে হত্যা করে। পুলিশ গত ১০ ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে। ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক মনদীপ দাশগুপ্ত।