এই সেই ঘটনা যার পর আর সাধের বাগানবাড়িতে যাননি উত্তম, তরুণ কুমারের নামে লিখে দিয়েছিলেন সম্পত্তি – Bengali News | Unknown story of uttam kumar and his house at dutta pukur
উত্তম কুমারের ঘনিষ্ঠরা বলে থাকেন, মহানায়কের নাকি দারুণ জেদ ছিল। নাহ, শুধুই একনম্বর অভিনেতা হওয়ার জন্য নয়, বরং যে কোনও বিষয়ে, উত্তম যখন একবার সিদ্ধান্ত নিতেন, তখন নিজের কথা সারাজীবন থাকতেন অনড়। তাঁর কথাকে কেউ একফোঁটাও এদিক-ওদিক করতে পারতেন না। ঠিক এমনই ঘটনা ঘটে, উত্তম কুমারের দত্তপুকুরের বাগান বাড়ির ক্ষেত্রে। দত্তপুকুরের বাগান বাড়িতে এমন এক ঘটনা ঘটে, যার কারণে উত্তম আর পা রাখতেন না সেই বাড়িতে। এমনকী, সেই সম্পত্তি লিখে দিয়েছিলেন ভাই তরুণ কুমারকে।
তা এমন কী ঘটেছিল মহানায়কের সঙ্গে?
দত্তপুকুরে শখ করে একটা বিশালমাপের বাগান বাড়ি কিনেছিলেন উত্তম কুমার। মাঝে মধ্যেই কলকাতা থেকে ফিয়েট গাড়ি চেপে এই বাগানবাড়িতে চলে যেতেন মহানায়ক। দিন কয়েক সময় কাটিয়ে ফিরে আসতেন। সেই সময় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বহু গুণীজনই উত্তমের সেই বাড়িতে গিয়েছেন। সাধ করে সেই বাড়ির নাম রেখেছিলেন ভ্রমর।
সেই সময় এক বিনোদন ম্য়াগাজিনে প্রকাশিত খবরে জানা যায়, একবার বাগান বাড়িতে থাকার সময় উত্তমের একটি সাধের এবং বেশ দামি কালো রঙের কোট চুরি হয়ে যায়। এই ঘটনায় খুবই আঘাত পান উত্তম। জানা যায়, ঠিক এই ঘটনার একমাসের মধ্যেই বাগান বাড়িটা তরুণকুমারের নামে করে দেন। আর এই চুরির ঘটনার পর আর একবারও উত্তম সেই বাড়িতে পা রাখেননি।
দত্তপুকুরে এখনও রয়েছে সেই বাগান বাড়ি। উত্তমের বাগান নামেই পরিচিত। এই বাগান দত্তপুকুরের জনপ্রিয় পিকনিক স্পট।